৯৫ বছরের বৃদ্ধের ঠাঁই হয়েছিল গাছতলায়, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
‘ছয় সন্তানকে বড় করেছেন, ৯৫ বছর বয়সে বাবার ঠাঁই হলো গাছতলায়’—সংবাদমাধ্যমে প্রকাশিত এমন একটি করুণ প্রতিবেদন দৃষ্টিগোচর হওয়ার পর তাৎক্ষণিক মানবিক পদক্ষেপ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিবেদনটি দেখার পর তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে উক্ত বৃদ্ধের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পরপরই আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার উত্তর হিরন গ্রামে উপস্থিত হয়। সেখানে ৯৫ বছর বয়সী অসহায় বৃদ্ধ হাজী শামসুল হক মোল্লার বাড়িতে গিয়ে প্রতিনিধি দলের সদস্যরা তার শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজ নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নগদ উপহার ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।
সাক্ষাৎকালে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, প্রধানমন্ত্রী বৃদ্ধ হাজী শামসুল হক মোল্লার নিরাপদ আশ্রয়, প্রয়োজনীয় পরিচর্যা ও মানবিক সহায়তা নিশ্চিত করার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখার নির্দেশ দিয়েছেন। আমরা সরেজমিনে এসে স্বস্তির সঙ্গে জানতে পেরেছি যে, তার ছেলেরা ভুল বুঝতে পেরে পুনরায় সসম্মানে বাড়িতে ফিরিয়ে নিয়েছেন এবং আমৃত্যু তার যাবতীয় দায়িত্ব পালনের অঙ্গীকার করেছেন। এই ইতিবাচক পরিবর্তনের বিষয়টি আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে সরাসরি অবহিত করব।
৯৫ বছর বয়সী হাজী শামসুল হক মোল্লা নিজের জীবনের দীর্ঘ সময় হাড়ভাঙা খাটুনি খেটে দুই ছেলে ও চার মেয়েকে মানুষ করেছিলেন। সম্প্রতি তিনি নিজের শেষ সম্বল জমিজমা ছয় সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার পর নির্মমভাবে সন্তানদের কাছেই সম্পূর্ণ আশ্রয়হীন হয়ে পড়েন। একপর্যায়ে নিজের বসতবাড়ি থেকে বের করে দেওয়া হলে বাড়ির পাশের একটি গাছতলায় চরম অবহেলায় আশ্রয় নিতে বাধ্য হন তিনি। হৃদয়বিদারক এই ঘটনার খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রধানমন্ত্রীর নজর কাড়ে।
এদিন বৃদ্ধের বাড়িতে যাওয়া প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমদ, শাহাদাত হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রনেতা মশিউর রহমান মহান ও আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিজস্ব প্রতিবেদক