অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, প্রতিষ্ঠান সিলগালা-জরিমানা ২ লাখ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়ন পরিষদের পাশে অবস্থিত ‘আবদুল্লাহ্ অ্যাগ্রো ফুড প্রডাক্ট’ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিএসটিআই-এর অনুমোদন না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে।
গতকাল রোববার (১০ মে) মধ্যরাতে গাজীপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, র্যাব-১-এর পূর্বাচল সিপিসি-৩ এবং সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টরের সমন্বয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল।
অভিযান চলাকালে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশে খাদ্য উৎপাদন এবং প্রশাসনিক অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে প্রতিষ্ঠানের মালিককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযান সূত্র জানায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অনুমোদনবিহীন পণ্য সংরক্ষণ ও মানহীন খাদ্য উৎপাদনের অভিযোগ ছিল। অভিযানের সময় কারখানা থেকে বিপুল পরিমাণ তৈরি খাদ্যসামগ্রী ও উৎপাদনের উপকরণ জব্দ করা হয়।
অভিযানে উপস্থিত র্যাব-১-এর পূর্বাচল সিপিসি-৩-এর মেজর রবিউল আলম ও স্যানিটারি ইন্সপেক্টর মো. খাদেমুল ইসলাম জানান, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসনের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এখলাছ উদ্দিন, গাজীপুর (কালীগঞ্জ-কাপাসিয়া)