অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রি, দেড় লাখ টাকা জরিমানা
কুমিল্লায় নকল ওটস, নিম্নমানের ও অনুমোদনহীন শিশু খাদ্য এবং আমদানিকারকের তথ্যবিহীন বিদেশি পণ্য বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত নগরীর বাদুরতলা ও কান্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে মিয়ামী গ্র্যান্ড ভিউ নামের প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে নকল ওটস বিক্রি ও সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি নিম্নমানের ও অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রি, বিদেশি পণ্যে আমদানিকারকের পরিচিতি, সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (এমআরপি) ও ঠিকানা উল্লেখ না থাকা এবং পণ্য কেনার ভাউচার দেখাতে না পারার অনিয়ম পাওয়া যায়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ও ৫০ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মো. কাউছার মিয়ার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

মাহফুজ নান্টু, কুমিল্লা