বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা
জামালপুরের মাদারগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে উপজেলার পৌর শহরের বালিজুড়ী বাজারে অভিযান চালিয়ে তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন-সুলতান আহম্মেদ, লেবু মিয়া ও মাহিন হোসেন।
উপজেলা প্রশাসন জানায়, বালিজুড়ী বাজারের কয়েকটি দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির অভিযোগ পাওয়া যায়। পাশাপাশি দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করার বিষয়টিও নজরে আসে প্রশাসনের। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরীর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে কোনো ধরনের সিন্ডিকেট, অনিয়ম কিংবা অতিরিক্ত মূল্য আদায়ের সুযোগ দেওয়া হবে না। সাধারণ ক্রেতাদের স্বার্থ ও অধিকার রক্ষায় উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো ব্যবসায়ী কোনো পণ্যের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি নিলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাজারে পণ্যের নির্ধারিত মূল্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)