দুটি বিরিয়ানির দোকানকে ভোক্তা অধিকারের জরিমানা
সদর উপজেলার চৌরংগীমোড় ও নতুনবাজার নিজনান্দুয়ালী এলাকায় দুটি বিরিয়ানির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে মাগুরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রোববার (১০ মে) দুপুরে হাজি বিরিয়ানি ও নান্না বিরিয়ানির দোকানে অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, খাবারে ক্ষতিকর ও অননুমোদিত রং ব্যবহার, ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে খাবার সংরক্ষণ ইত্যাদি অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নান্না বিরিয়ানিকে ১০ হাজার টাকা এবং হাজি বিরিয়ানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ভবিষ্যতে এ ধরনের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারেও তাদের সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী, মো. রবিউল ইসলাম, জেলা মার্কেটিং অফিসার ও পুলিশের একটি দল।

শফিকুল ইসলাম শফিক, মাগুরা