কসমেটিকসের দোকানে অভিযান, ৩ ব্যবসায়ীকে অর্থদণ্ড
চাঁদপুরে বিদেশি প্রসাধন সামগ্রীতে আমদানিকারকের অনুমোদন ও পণ্যের মূল্য তালিকা না থাকায় তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে চাঁদপুর জেনারেল হাসপাতালের সামনের এলাকা, পূরবী শপিং কমপ্লেক্স, মীর শপিং কমপ্লেক্স ও জে এম সেনগুপ্ত রোড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী, বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার ও বৈধ ক্রয় ভাউচার না থাকায় রূপসী স্টোরকে পাঁচ হাজার টাকা এবং একই অপরাধে এলিগ্যান্টকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করা ও আমদানিকারকের সিল না থাকায় মিনি মার্টকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন।
আবদুল্লাহ আল ইমরান জানান, অভিযুক্ত ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার ব্যক্ত করেন। অভিযানের সময় চাঁদপুর জেনারেল হাসপাতালের সামনের ডাবের দোকানেও মূল্য তদারকি করা হয়। ব্যবসায়ীদের সঠিক ক্রয় ভাউচার সংরক্ষণ ও ন্যায্য মূল্যে ডাব বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানের সময় সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এমন বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

শরীফুল ইসলাম, চাঁদপুর