রেললাইনে ট্রাক বিকল, ১ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
গাজীপুরের কালিয়াকৈরে সোনাখালী রেল ক্রসিংয়ের ওপর বালুভর্তি একটি ট্রাক বিকল হয়ে যাওয়ায় ঢাকা-যমুনাসেতু রেললাইনে ট্রেন চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। এ ঘটনায় উত্তরবঙ্গগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি সোনাখালী এলাকায় আটকা পড়ে।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (৫ মে) সকাল ৯টার দিকে কালিয়াকৈর-ধামরাই সড়কের সোনাখালী রেল ক্রসিং পার হওয়ার সময় বালুভর্তি একটি ট্রাক লাইনের ওপর আটকা পড়ে বিকল হয়ে যায়। স্থানীয়রা ট্রাকটি সরানোর চেষ্টা করে ব্যর্থ হলে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি সরিয়ে নিলে সকাল ১০টার দিকে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সড়ক ব্যবহারকারীদের অভিযোগ, এই রেল ক্রসিংয়ের দুই পাশের সড়ক খানাখন্দে ভরা। ফলে প্রায়শই এখানে ট্রাক বা ভারি যানবাহন আটকে গিয়ে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায়। জনভোগান্তি ও দুর্ঘটনা এড়াতে এর একটি স্থায়ী সমাধান প্রয়োজন বলে তারা দাবি জানান।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, রেললাইনের ওপর ট্রাক বিকল হয়ে পড়ায় এক ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছিল। বর্তমানে ট্রাকটি সরিয়ে নেওয়া হয়েছে এবং ওই রুটে ট্রেন চলাচল এখন স্বাভাবিক রয়েছে।

নাসির আহমেদ, গাজীপুর