আজ থেকে গোপালগঞ্জ যাচ্ছে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস, কালুখালীই শেষ স্টেশন
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রাজশাহী থেকে গোপালগঞ্জের গোবরা স্টেশনগামী আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে সীমিত করেছে বাংলাদেশ রেলওয়ে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে ট্রেনটি আর গোপালগঞ্জ পর্যন্ত যাবে না। আপাতত রাজবাড়ী জেলার কালুখালী জংশনেই হবে ট্রেনটির শেষ যাত্রাবিরতি।
পশ্চিমাঞ্চল রেলওয়ের নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজশাহী-গোবরা রুটে চলাচলকারী ৭৮৩/৭৮৪ নম্বর টুঙ্গিপাড়া এক্সপ্রেসের কালুখালী-গোবরা অংশে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ট্রেনটির চলাচল কালুখালী পর্যন্ত সীমিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আগের মতো গোপালগঞ্জ পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে।
রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, কালুখালী থেকে গোবরা পর্যন্ত ট্রেনটির ১১টি স্টেশনে যাত্রাবিরতি রয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে এসব স্টেশনের যাত্রীদের আপাতত কালুখালী জংশনে নেমে যেতে হবে। একইভাবে রাজশাহীগামী যাত্রীদেরও কালুখালী থেকে ট্রেনে উঠতে হবে।
রেলওয়ের নির্দেশনা অনুযায়ী, রাজশাহী থেকে ছেড়ে আসা ৭৮৪ নম্বর ট্রেনের খালি রেক রাতে রাজবাড়ী স্টেশনে রাখা হবে। পরের দিন সকালে ৭৮৩ নম্বর ট্রেনের রেক রাজবাড়ী থেকে কালুখালী জংশনে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে যাত্রী নিয়ে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাবে।
রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার আব্দুর রহমান জানান, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ইঞ্জিন বর্তমানে রাজবাড়ীতে রয়েছে। এটি খালি রেক নিয়ে কালুখালী স্টেশনে যাবে। পরে যাত্রী নিয়ে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাবে। তিনি আরও জানান, বর্তমান নির্দেশনা অনুযায়ী গোপালগঞ্জমুখী কোনো ট্রেনই আপাতত চলাচল করছে না।
ট্রেনটির রুট সংক্ষিপ্ত হওয়ায় রাজশাহী থেকে গোপালগঞ্জগামী এবং কালুখালীর পরবর্তী স্টেশনগুলোর যাত্রীদের বিকল্প পরিবহণে গন্তব্যে যেতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কালুখালী জংশনই থাকবে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের শেষ স্টেশন।

মো. কবির হোসেন, রাজবাড়ী