পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশ ক্যাডারের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে একজন উপমহাপরিদর্শক (ডিআইজি), দু’জন অতিরিক্ত ডিআইজি এবং ১৪ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গণিকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট (ডিআইজি) করা হয়েছে। পুলিশের বিশেষ শাখার (এসবি-ডিআইজি) উপমহাপরিদর্শক মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজ ঢাকায়, টিডিএস ঢাকার অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে পিটিসি রংপুরের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপকমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে বিশেষ পুলিশ সুপার হিসেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), একই ইউনিটের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মহানগর পুলিশের (আরএমপি) উপকমিশনার করা হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে পিটিসি রংপুরের পুলিশ সুপার করা হয়েছে। পুলিশ টেলিকম, রাজারবাগ ঢাকার পুলিশ টেলিকমের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার এবং খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপকমিশনার মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার করা হয়েছে।
পুলিশ টেলিকম, ঢাকার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার ৬ এপিবিএন, মহালছড়ি, খাগড়াছড়িতে পদায়ন করা হয়েছে। সিআইডির পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে জিএমপির উপকমিশনার করা হয়েছে।
সিএমপির উপকমিশনার (সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি) শেখ শরীফুল ইসলামকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, শেরপুরের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) করা হয়েছে। সিআইডির পুলিশ সুপার (সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ নজরুল ইসলামকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নীলফামারীর কমান্ড্যান্ট (পুলিশ সুপার) করা হয়েছে।
পুলিশ অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত (টিআর) পুলিশ সুপার মো. হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার করা হয়েছে। কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় সংযুক্ত পুলিশ সুপার (সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে খুলনা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি) করা হয়েছে।
এ ছাড়া এসবির পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামানকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপকমিশনার করা হয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার কবীর আহম্মেদকেও একই ইউনিটে পদায়ন করা হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার (সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. জাহিদুল ইসলামকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, রাজশাহীর কমান্ড্যান্ট (পুলিশ সুপার) করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি করা কর্মকর্তাদের ২৪ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ২৫ নভেম্বর থেকে তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য করা হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নিজস্ব প্রতিবেদক