সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
গাজীপুর মহানগরের দক্ষিণ ছায়াবীথি এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের দুতলা টিনশেড বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, দক্ষিণ ছায়াবীথি জোড়পুকুর এলাকায় সাবেক মন্ত্রীর টিনশেড বাড়িতে আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে যান। পরে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে এ বাড়িতে কেউ বসবাস করে না। আগুনে আসবাবপত্র এবং টিনের চাল পুড়ে গেছে। আগুনে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
এ ছাড়া উক্ত টিনশেড বাড়ির পাশে আ ক ম মোজাম্মেল হকের ১০তলা বাড়ির নিচতলায় ভাঙচুর করা হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তাৎক্ষণিক কিছু জানানো হয়নি।

নাসির আহমেদ, গাজীপুর