ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা : ২৫ মিনিট নষ্ট, অতিরিক্ত সময় ছাড়াই খাতা নেওয়ার অভিযোগ
চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় প্রশ্নপত্র বিতরণে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। ভুল প্রশ্নপত্রে প্রায় ২৫ মিনিট পরীক্ষা নেওয়ার পর তা পরিবর্তন করা হলেও পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়া হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এই ঘটনায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
জানা যায়, গত মঙ্গলবার দাখিল পরীক্ষার প্রথম দিনে কোরআন মাজিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বোর্ডের নির্দেশনা অনুযায়ী ১০০ নম্বরের এই পরীক্ষায় ৬০ নম্বর লিখিত এবং ৪০ নম্বর বহুনির্বাচনি প্রশ্ন থাকার কথা ছিল, যার উত্তর মূল খাতার ভেতরেই দেওয়ার নিয়ম। তবে অভিযোগ অনুযায়ী, পরীক্ষার শুরুতে পরীক্ষার্থীদের হাতে ৩০ নম্বরের বহুনির্বাচনি প্রশ্নপত্র ও আলাদা ওএমআর শিট বিতরণ করা হয়।
পরীক্ষার্থীরা জানান, পরীক্ষা শুরুর পরপরই তারা দায়িত্বরত শিক্ষকদের কাছে প্রশ্নপত্রের অসংগতির বিষয়টি তুলে ধরেন, কিন্তু শিক্ষকরা শুরুতে তা গুরুত্ব দেননি। প্রায় ২৫ মিনিট পর কেন্দ্র সচিব কক্ষ পরিদর্শন করে ভুল স্বীকার করেন এবং প্রশ্নপত্র পরিবর্তন করে দেন। সে সময় সমন্বয় করার আশ্বাস দেওয়া হলেও পরীক্ষা শেষে মাত্র ৪ থেকে ৫ মিনিট অতিরিক্ত সময় দিয়ে খাতা কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ভুল প্রশ্নে ২৫ মিনিট নষ্ট হওয়ার পরও পর্যাপ্ত সময় না দেওয়া শিক্ষার্থীদের প্রতি চরম অন্যায়। এতে তাদের ফলাফল বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে কেন্দ্র সচিব ও মাদ্রাসার অধ্যক্ষ জান্নাত আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটিকে ‘ছোট বিষয়’ বলে মন্তব্য করেন এবং বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিএম তারিক-উজ-জামান বলেন, বিষয়টি অবগত হওয়ার পর জেলা প্রশাসক দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। অবহেলার অপরাধে কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।

মো. আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা (সদর-আলমডাঙ্গা)