চুয়াডাঙ্গায় সব রুটে বাস-মিনিবাস চলাচল বন্ধ
চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের ওপর ইজিবাইক শ্রমিকদের হামলা ও মারধরের অভিযোগে জেলার সব রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত, হামলায় জড়িতদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় চুয়াডাঙ্গা শহরের আলী হোসেন মার্কেটের তৃতীয় তলায় চুয়াডাঙ্গা মোটর শ্রমিক ইউনিয়ন ও চুয়াডাঙ্গা বাস মালিক সমিতির উভয় পক্ষের মধ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজি আবুল কালাম আজাদ জানান গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গা শহরের দৌলতদিয়াড় এলাকায় একটি ইজিবাইক নিয়মবহির্ভূতভাবে শহরে প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ ও বাস শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা তাকে বাধা দেন। পরে ওই ইজিবাইকচালক তার সহযোগীদের নিয়ে আলোকদিয়া এলাকায় সংগঠিত হয়ে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে একটি বাস আটকে দেন। এ সময় বাসের চালক ও সুপারভাইজারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি বাসে হামলা চালানো এবং তাদের জিম্মি করে রাখার অভিযোগ ওঠে।
খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে জিম্মি থাকা বাসচালক ও সুপারভাইজারকে উদ্ধার করে।
ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নেতা ও সাধারণ শ্রমিকরা দৌলতদিয়াড় এলাকায় বাস সড়কের ওপর আড়াআড়ি রেখে অবরোধ করেন। পরে চুয়াডাঙ্গার পুলিশ সুপারের মধ্যস্থতায় এবং প্রশাসনের পক্ষ থেকে ন্যায্য বিচারের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। তবে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ অব্যাহত থাকে।
এরই ধারাবাহিকতায় নিরাপত্তা ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আজ শুক্রবার দিনভর চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়াসহ জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ ছিল। আজও চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-জীবননগর-হাসাদহ, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা-হাটবোয়ালিয়া রুটে সব বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।
চুয়াডাঙ্গা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হাজি আবুল কালাম আজাদ আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
এদিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। অনেকেই গন্তব্যে যেতে না পেরে বাস টার্মিনালে অপেক্ষা করছেন। কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে যাতায়াত করছেন।
মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা জানিয়েছেন, শ্রমিকদের ওপর হামলার সুষ্ঠু বিচার এবং সড়কে ইজিবাইকের অবৈধ চলাচল বন্ধে প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা থেকে কোনো রুটেই বাস চলাচল করবে না।
এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মো. আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা (সদর-আলমডাঙ্গা)