৩ হাজার লিটার ডিজেল জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোণা বাজারে অবৈধভাবে ডিজেল মজুত রাখার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রতিষ্ঠান দুটি থেকে অবৈধভাবে মজুত করা মোট ৩ হাজার ১০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সকালে সদর উপজেলার ঠাকুরাকোণা বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুজ্জামান আসিফ। এসময় মেসার্স শংকর সাহা এন্টারপ্রাইজ ও মেসার্স রাজিব ট্রেডার্সে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ ডিজেলের সন্ধান পায় ভ্রাম্যমাণ আদালত। জ্বালানি তেল মজুদের বৈধ কাগজপত্র না থাকায় প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয় এবং ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া, অভিযানে জব্দকৃত ৩ হাজার ১০০ লিটার ডিজেল সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান জানান, জেলায় জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এবং কৃত্রিম সংকট রোধে এ অভিযান চালানো হয়েছে। জনদুর্ভোগ সৃষ্টি করে অবৈধভাবে জ্বালানি তেল বা নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

ভজন দাস, নেত্রকোনা