পচা-বাসি খাবার বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
লক্ষ্মীপুরে পচা-বাসি খাবার বিক্রিসহ বিভিন্ন অভিযোগে তিনটি প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়ে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রাজমহল হোটেলের মালিককে চার লাখ টাকা, নুরজাহান হোটেলকে পাঁচ লাখ টাকা এবং মোহাম্মদীয়া হোটেলকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরে বিশুদ্ধ খাদ্য আদালত ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক।
অভিযানে উপস্থিত ছিলেন এসআরবি নোয়াখালী ক্যাম্পের ডিএডি অমলেশ বাইন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী, লক্ষ্মীপুর পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল্লাহ হিল হাকিম।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক জানান, তিনটি প্রতিষ্ঠানে বিশুদ্ধ খাদ্য আদালত, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও এসআরবি যৌথভাবে অভিযান পরিচালনা করে। এতে প্রতিটি প্রতিষ্ঠানে রান্নাঘরে অস্বাস্থকর পরিবেশে খাবার তৈরির প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া প্রতিষ্ঠানগুলো পচা ও বাসি খাবার বিক্রি করে আসছে। অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে নুরজাহান হোটেলে খাবার তৈরিতে নিষিদ্ধ কেওড়াজল ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এসব অভিযোগে নুরজাহান হোটেলের মালিক সাইফুল আলমকে পাঁচ লাখ টাকা, রাজহমহলের বিষ্ণু বণিককে চার লাখ টাকা ও মোহাম্মদীয়ার নাজমা বেগমকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী বলেন, আমরা যৌথভাবে খাবার হোটেলগুলোতে অভিযান পরিচালনা করেছি। পচা-বাসি খাবার বিক্রি, অস্বাস্থকর পরিবেশে খাবার তৈরিসহ বিভিন্ন অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের মালিককে ১০ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর