স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন সালমান মুক্তাদির
রাজধানীর ইসিবি চত্বর এলাকায় স্টুডিও ভাঙচুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সংবাদ সম্মেলনের পর একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। ওই ভিডিওতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করেছেন।
সালমান মুক্তাদির বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী, পুরো বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তার দায়িত্ব আপনার হাতে। কিন্তু আপনি এত দায়িত্বশীল জায়গায় থেকেও মন্তব্যে বললেন, সালমান মুক্তাদির মামলা দায়ের করেন নাই। এমন কথা বলে এখানে আপনি সরকারকে ছোট করে ফেলেছেন।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীর নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সালমানের ‘ব্রাউনফিশ’ স্টুডিও ছাড়াও ওই আবাসন প্রকল্পের অফিস ও আশপাশের স্থাপনায় হামলা হয়।
পুলিশ বলছে, জমি নিয়ে একজন আবাসন নির্মাতা এবং এক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার বিরোধের জেরে এই হামলা হয়ে থাকতে পারে।
ওই ঘটনা নিয়ে আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সামনে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যে ভদ্রলোক ফেইসবুকে লাইভে এসে অভিযোগটি করছেন, তিনি কি কোনো মামলা দায়ের করেছেন? করেননি। এই লাইভ বিতর্কের জন্ম দিয়েছে। সালমান ঢালাওভাবে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছেন বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত ভিডিওতে..

এনটিভি অনলাইন ডেস্ক