চাঁদপুরে ৫ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা, পচা বিরিয়ানি ও কেমিক্যাল ধ্বংস
চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজারে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে অনিয়মের দায়ে ৫টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানকালে উদ্ধারকৃত অস্বাস্থ্যকর পচা-বাসি খাবার, নিষিদ্ধ ক্ষতিকর রং ও কেমিক্যাল ধ্বংস করা হয়।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এই তদারকি অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ অভিযান সূত্রে জানা গেছে, রহিমানগর বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করা, পচা-বাসি খাবার প্রক্রিয়াজাতকরণ, খাদ্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর শিল্পে ব্যবহৃত রং ও রাসায়নিক মিশ্রণ, উৎপাদন ও মেয়াদের তারিখহীন খাদ্যপণ্য বিক্রি এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে এই আইনি ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনিয়মের অপরাধে ‘ইসলামীয়া বিরিয়ানি হাউজ’কে ২০ হাজার টাকা, ‘প্রধানীয়া এন্টারপ্রাইজ’কে ১০ হাজার টাকা, ‘বন্ধু মেডিসিন’কে ১০ হাজার টাকা, ‘নিউ মিতালী ফুড’কে পাঁচ হাজার টাকা এবং ‘রাজ হোটেল’কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠান প্রধানেরা তাৎক্ষণিকভাবে আরোপিত জরিমানার অর্থ পরিশোধ করেন এবং ভবিষ্যতে খাদ্যে ভেজাল না মেশানোর লিখিত অঙ্গীকার ব্যক্ত করেন।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, ভোক্তাসাধারণের জন্য নিরাপদ খাদ্য ও মানসম্মত পণ্য সরবরাহ সুনিশ্চিত করতে আমরা ধারাবাহিকভাবে বাজার পর্যবেক্ষণ করছি। পচা-বাসি খাবার বিক্রি কিংবা রাসায়নিক মিশিয়ে মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরির কোনো সুযোগ নেই। জনস্বার্থে চাঁদপুর জেলাজুড়ে এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে বাজার ব্যবসায়ী ও সাধারণ ভোক্তাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। তদারকি অভিযানে কচুয়া উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো. আহসান উল্লাহ তালুকদার এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি চৌকস দল সার্বিক নিরাপত্তা সহযোগিতা প্রদান করে।

শরীফুল ইসলাম, চাঁদপুর