রূপগঞ্জে নিবন্ধন ছাড়া মাংস বিক্রি, ৬ ব্যবসায়ীকে জরিমানা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিবন্ধন ব্যাতিত মাংস বিক্রয়ের অপরাধে ৬ জন মাংস ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভুলতা এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদের জরিমানা করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত এই অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মারজানুর রহমান। অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার দাসসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার দাস বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় মাংস বিক্রেতারা কোনো প্রকার নিয়ম-নীতির তোয়াক্কা না করেই ব্যবসা পরিচালনা করে আসছেন বলে অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে ভুলতা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী নিবন্ধন ছাড়া মাংস বিক্রির অপরাধে ৬ জন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)