অবৈধ ড্রেজারমালিককে লাখ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের
মানিকগঞ্জের দৌলতপুরে কালীগঙ্গা নদীতে অনুমোদন ছাড়া ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন ও ভরাটের অভিযোগে এক ব্যক্তিকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ড্রেজারের পাইপ ও সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরমাস্তুল হাইস্কুল সংলগ্ন কালীগঙ্গা নদী এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে নদী থেকে ড্রেজারের মাধ্যমে মাটি উত্তোলনের কার্যক্রম দেখতে পায় অভিযানকারী দল। এ সময় ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে মাটি উত্তোলন ও ভরাটের অভিযোগে ড্রেজারের মালিক মিজানুর রহমান জুমনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে ড্রেজারের পাইপসহ প্রয়োজনীয় সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় মাটি উত্তোলনের কার্যক্রমও।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, নদী থেকে অনুমোদন ছাড়া বালু বা মাটি উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ, তীর ও আশপাশের পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এ কারণে জনস্বার্থে অবৈধ ড্রেজিং বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস বলেন, জনস্বার্থে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ