জামালপুরে হেরোইন-ইয়াবাসহ নারী আটক
জামালপুরে হেরোইন ও ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে জামালপুর পৌর এলাকার পূর্ব কাঁচারীপাড়া থেকে তাকে আটক করা হয়।
আটক নারী ইসলামপুর উপজেলার বেপারীপাড়া গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি জামালপুর সদরের পূর্ব কাঁচারীপাড়া এলাকায় বসবাস করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের মেষ্টা খানবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই নারীকে আটক করা হয়। তবে তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০টি পুটলায় মোড়ানো ১০৪ গ্রাম হেরোইন এবং ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, আটক নারীর বিরুদ্ধে জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আসমাউল আসিফ, জামালপুর