বকশীগঞ্জে গভীর রাতে পাচারকালে ২৩ বস্তা সার জব্দ
জামালপুরের বকশীগঞ্জে গভীর রাতে ২৩ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের টুপকারচর গ্রামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। পরে সারগুলো থানা পুলিশের হেফাজতে রাখা হয়।
জানা গেছে, ভ্যান গাড়িতে করে ২৩ বস্তা বিএডিসির সার ইসলামপুর উপজেলায় পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মেরুরচর ইউনিয়নের টুপকারচর এলাকায় অভিযান চালান ইউএনও মুরাদ হোসেন। এ সময় ভ্যান গাড়িতে থাকা ২৩ বস্তা সার জব্দ করেন তিনি। পরে জব্দকৃত সারগুলো বকশীগঞ্জ থানা পুলিশের হেফাজতে রাখা হয়।
এদিকে, ডিলার পয়েন্টে সার নিতে গেলে অনেক ভোগান্তি পোহাতে হয় বলে কৃষকদের। অনেক সময় সার না পেয়ে ফিরে যেতে হয় তাদের। কিছু ডিলার বিভিন্ন কৌশলে সংকট দেখিয়ে সার চড়া দামে বিক্রি করছে এবং বিভিন্ন জায়গায় পাচার করছে এমন অভিযোগও রয়েছে। তবে ডিলারদের সার বিতরণে অনিয়ম ঠেকাতে অনলাইন ভিত্তিক অ্যাপসের মাধ্যমে সার বিতরণ পদ্ধতি চালু করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগ। ফলে আগের মতো সার বিতরণে অব্যবস্থাপনা বা অনিয়মের সুযোগ পাবেন না ডিলাররা।
বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, অ্যাপস এর মাধ্যেম সার বিতরণ শুরু হওয়ায় একজন কষকের যা সার প্রয়োজন তিনি ততটুকুই পাবেন। এতে অনিয়মের সুযোগ নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন জানান, সারের বস্তাগুলো কোথা থেকে এসেছে তা জানার চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আসমাউল আসিফ, জামালপুর