ঈদের ছুটিতে সুন্দরবনে পর্যটকদের ভিড়
পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে পর্যটকদের ঢল নেমেছে। যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে দেশি-বিদেশি হাজারো পর্যটক এখন সুন্দরবনের সবুজে ঘেরা প্রকৃতিতে সময় কাটাচ্ছেন। পর্যটকদের এই বিশাল চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বনবিভাগকে।
বনবিভাগ সূত্রে জানা গেছে, সুন্দরবনের করমজলসহ সবকটি পর্যটন স্পটেই এখন দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। বিশেষ করে মোংলা থেকে কাছে এবং সবচেয়ে আকর্ষণীয় হওয়ায় ‘করমজল’ পর্যটন কেন্দ্রে পর্যটকের সংখ্যা সবচেয়ে বেশি। এখানে দেশের একমাত্র কুমির ও কচ্ছপ প্রজনন কেন্দ্র, সুদীর্ঘ ফুট ট্রেইল, সুউচ্চ ওয়াচ টাওয়ার এবং হরিণ ও বানরের অবাধ বিচরণ দেখার সুযোগ মেলায় সব বয়সী মানুষের পছন্দের তালিকায় এটি শীর্ষে রয়েছে। এছাড়া হাড়বাড়ীয়া, হিরণপয়েন্ট, নীলকমল, কটকা, কচিখালী ও দুবলা চরেও পর্যটকদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
মাগুরা থেকে পরিবারসহ আসা আসলাম শেখ বলেন, বইয়ে পড়া সুন্দরবন সশরীরে দেখতে আসলাম, সব মিলিয়ে খুব ভালো লেগেছে।
পুরান ঢাকা থেকে আসা মোহাম্মদ আলী জানান, আত্মীয়-স্বজন নিয়ে নৌকা ভ্রমণে বনের সৌন্দর্য উপভোগ করে তারা দারুণ আনন্দিত।
করমজল পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, রমজানে পর্যটক কম থাকলেও ঈদের পর থেকে ভিড় কয়েক গুণ বেড়েছে। আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বনবিভাগের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যটন কেন্দ্রগুলোকে আরও আকর্ষণীয় করে তোলার পাশাপাশি বনকর্মীরা সার্বক্ষণিক নজরদারি বজায় রাখছেন।

আবু হোসাইন সুমন, মোংলা