সালিশে দুপক্ষের মারামারিতে নিহত ১, আহত ৪
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুপক্ষের মারমারিতে আনিসুর রহমান নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।
গতকাল রোববার (৮ মার্চ) রাত ১১টার দিকে ঘটনাটি ঘটে।
নিহত আনিসুর রহমান শিবগঞ্জ পৌর এলাকার দেওয়ান জাইগীর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নিহত আনিসুর রহমানের ছেলে আব্দুল আওয়ালের সঙ্গে স্থানীয় এক নারীর পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হয়। রোববার রাতে আবারও সালিশে বসেছিলেন দুপক্ষ। কিন্তু বিষয়টি নিস্পত্তি না হওয়ায় আনিসুর রহমান ও তার সঙ্গে থাকা লোকজন সালিশী বৈঠক থেকে বাড়ি ফিরে আসছিলেন। এ সময় ওই নারীর পরিবারের সদস্যরা তাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে উভয়পক্ষ মারামারিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে লাঠির আঘাতে আনিসুর রহমানের মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর থেকেই ওই নারীর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ