গাজীপুরে পোস্টাল ব্যালট গ্রহণ স্থগিত
যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে ডাকযোগে প্রাপ্ত পোস্টাল ব্যালট গ্রহণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক। আজ রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন।
গাজীপুর জেলা প্রশাসন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন জানান, আসন্ন নির্বাচনে গাজীপুর জেলা থেকে ভোট প্রদানের জন্য ২২ হাজার প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছিলেন। আজ থেকে ডাকযোগে আসা এসব ব্যালট গ্রহণের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত মোট ৫০টি পোস্টাল ব্যালট জমা পড়ে।
আলম হোসেন আরও জানান, তবে প্রাপ্ত ব্যালটগুলোর সঠিকতা যাচাইয়ের জন্য স্ক্যান করার সময় যান্ত্রিক জটিলতা দেখা দেয়। স্ক্যানিং রিপোর্টে জানানো হয় যে, ব্যালটগুলো সঠিকভাবে পূরণ হয়নি। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করা হলে তারা জানান, এটি যান্ত্রিক ত্রুটির কারণে হতে পারে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপাতত ব্যালট গ্রহণ কার্যক্রম স্থগিত রাখার পরামর্শ দেয় ইসি। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা বর্তমানে এই কার্যক্রম স্থগিত রেখেছি।

নাসির আহমেদ, গাজীপুর