বকশীগঞ্জে মাদ্রাসাছাত্রীর মরদেহ উদ্ধার
জামালপুরের বকশীগঞ্জে নিজ বাড়ি থেকে মুসলিমা আক্তার (১৩) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের বিনোদরচর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মুসলিমা ওই গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে মুসলিমা পরিবারের সবার অজান্তে নিজ বাড়িতে বিষপান করে। বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। কিশোরীর এই আকস্মিক মৃত্যু নিয়ে এলাকায় নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়লে পুলিশ রাতে ওই কিশোরীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, বিষপানে মৃত্যুর বিষয়টি নিয়ে এলাকায় বিভিন্ন গুঞ্জন চলায় প্রকৃত কারণ উদ্ঘাটনে আমরা মরদেহটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে এটি আত্মহত্যা, নাকি অন্য কিছু।

আসমাউল আসিফ, জামালপুর