রাতে মায়ের ওষুধ আনতে গিয়ে নিখোঁজ, সকালে ধানক্ষেতে মিলল মরদেহ
নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেত থেকে এরশাদ আলী (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার লক্ষ্মীপুর (জোতকানু) মোড়ের পাশের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত এরশাদ উপজেলার সফাপুর ইউনিয়নের চকগৌরি গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ধান কাটতে মাঠে যাওয়ার সময় খাজুর-বাগডোব পাকা সড়কের পাশে ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন শ্রমিকেরা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের খবর ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে তাকে শনাক্ত করেন।
নিহত এরশাদের স্বজন হাফেজ মো. ইউসুফ আলী বলেন, এরশাদ তার ভাতিজি জামাই। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মায়ের জন্য ওষুধ আনার কথা বলে বাড়ি থেকে জিগাতলা বাজারে যান তিনি। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় লোকজনের দাবি, মরদেহের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল এবং সেসব স্থান থেকে রক্ত ঝরছিল।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্বৃত্তরা তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে হত্যার পর রাস্তার পাশের ধানক্ষেতে মরদেহ ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আরও বলেন, টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মিঠু হাসান, নওগাঁ (বদলগাছী-মহাদেবপুর)