আবাসিক ভবনে নারীর গলাকাটা মরদেহ
চাঁদপুর শহরের একটি আবাসিক ভবন থেকে লুৎফর নাহার (৬৫) নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) রাতে শহরের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সাততলা ভবনের একটি বাসা থেকে হাত ও গলা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত লুৎফর নাহার চাঁদপুরের ঢালিরঘাট এলাকার নাজির খান বাড়ির মৃত জয়নাল আবেদীন খানের স্ত্রী। তার এক ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে। মাত্র ১৮ দিন আগে তিনি জোড়পুকুর পাড়ের নাজিরা কমপ্লেক্সে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। সেখানে তিনি একাই থাকতেন। তবে মাঝেমধ্যে মেয়েরা তার সঙ্গে থাকতেন। তার একমাত্র ছেলে বর্তমানে জাপানে অবস্থান করছেন।
নিহত লুৎফর নাহারের মেয়ে নাহিদা বলেন, পরিকল্পিতভাবে তার মাকে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা গলায় ওড়না পেঁচিয়ে জানালার সঙ্গে বেঁধে এবং মাথায় গুরুতর আঘাত করে তার মাকে হত্যা করেছে বলে দাবি করেন তিনি। বাসার বিছানায় রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেছেন জানিয়ে নাহিদা বলেন, খবর পেয়ে তার সব বোনসহ পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন ঘটনাস্থলে ছুটে আসেন।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর বলেন, এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কোনো ক্লু পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। হাত ও গলা বাঁধা অবস্থায় তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে এবং গলায় কোপানোর চিহ্ন রয়েছে। এ ঘটনায় চাঁদপুর সদর থানা-পুলিশ ও পিবিআই হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে।

শরীফুল ইসলাম, চাঁদপুর