চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
চট্টগ্রাম নগরীতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরের পাঁচলাইশ এলাকায় অবস্থিত বাড়িটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, রাতে বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। হঠাৎ নিচতলায় আগুন জ্বলতে দেখে দায়িত্বরত পুলিশ সদস্যরা দ্রুত এগিয়ে আসেন এবং তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে আগুন ভবনের অন্যত্র ছড়িয়ে পড়তে পারেনি।
ওসি আরও বলেন, তিনতলা ওই ভবনটির নিচতলায় কেউ বসবাস করেন না। এটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। তবে ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দুই ভাইয়ের পরিবার বসবাস করে। এ ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম