মানিকগঞ্জে এক হাজার ইয়াবাসহ আটক ১
মানিকগঞ্জের গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক থেকে এক হাজার ইয়াবা বড়িসহ সাইফুল ইসলাম (৩০) নামের একজনকে আটক করা হয়েছে। সোমবার রাতে ক্রেতা সেজে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
সাইফুলের বাড়ি সাটুরিয়ার উপজেলার ধানকোড়া ইউনিয়নের কামতা-গোলড়া এলাকায়।
মানিকগঞ্জের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, সাইফুল দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিলেন। ঢাকা ও চট্টগ্রাম থেকে ইয়াবা এনে এ জেলার বিভিন্ন স্থানে গিয়ে বিক্রি করেন তিনি। তাঁকে ধরতে গোয়েন্দা পুলিশের একটি দল ক্রেতা সেজে রাত ৯টার দিকে গোলড়া এলাকায় অভিযান চালায়। এ সময় সাইফুল এক হাজার ইয়াবা বিক্রি করতে এলে হাতেনাতে আটক করা হয়। আর ইয়াবাগুলো জব্দ করে তাঁকে গোয়েন্দা শাখার কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গুরুত্বপূর্ণ তথ্য পেলে তাঁর সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চালানো হবে।
এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ