মাদক সেবনে বাধা দেওয়ায় সংঘর্ষ, চিকিৎসাধীন তরুণের মৃত্যু
সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত তরুণ আব্দুর রহমান (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৭ জুলাই) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অপর যুবক হাছান শেখ (২২) বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
নিহত আব্দুর রহমান রায়গঞ্জ পৌরসভার ধানগড়া মধ্যপাড়া এলাকার ফিরোজ আহমেদের ছেলে।
এর আগে, গত মঙ্গলবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে রায়গঞ্জ পৌরসভার ধানগড়া মধ্যপাড়া এলাকায় মাদক সেবনের প্রতিবাদ করাকে কেন্দ্র করে এই সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছিল।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই রাতে স্থানীয় বাসিন্দা টিটোন নামের এক যুবক মাদক সেবন করে উন্মত্ত অবস্থায় আব্দুর রহমানদের বাড়ির সামনে এসে অশালীন আচরণ ও অহেতুক গালাগাল করতে থাকেন। এ সময় আব্দুর রহমান ও স্থানীয় যুবকেরা তাকে সেখান থেকে চলে যেতে বলেন এবং মাদক সেবনের প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে টিটোন প্রথমে তাদের সঙ্গে কথাকাটাকাটি ও হাতাহাতিতে লিপ্ত হয়। একপর্যায়ে টিটোন ও তার সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আব্দুর রহমান ও হাছান শেখের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের উপুড়্যুপরি আঘাতে দুজনেই রক্তাক্ত ও গুরুতর জখম হন।
স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে ধানগড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে আব্দুর রহমানের অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতরা চিকিৎসাধীন থাকায় এর আগে পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। যেহেতু এখন একজন মারা গেছেন, তাই নিহতের পরিবারের লিখিত অভিযোগ পাওয়া মাত্রই মামলা রেকর্ড করে আসামিদের গ্রেপ্তারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ