রাজবাড়ীতে অগ্নিকাণ্ডে দুই দোকান ভস্মীভূত
রাজবাড়ীর কালুখালী উপজেলার বাংলাদেশ হাট মোড়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি সেলুন ও একটি মোটরসাইকেল মেরামতের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে হাটের একটি দোকান থেকে হঠাৎ আগুনের ধোঁয়া ও তীব্র শিখা বের হতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে আগুন পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী মিলে তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতা বেশি থাকায় তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন।
খবর পেয়ে কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের কিছুক্ষণের আপ্রাণ চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
এই অগ্নিকাণ্ডে অসীমের মালিকানাধীন একটি সেলুন এবং মনা নামের এক ব্যবসায়ীর মোটরসাইকেল মেরামতের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। এছাড়া আগুনের তাপে আশপাশের আরও কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় দোকানদার খায়রুল ইসলাম বলেন, আগুন লাগার বিষয়টি বুঝতে পেরেই আমরা সবাই মিলে নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে তা নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন রাজবাড়ী-২ (পাংশা-কালুখালী-বালিয়াকান্দি) আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ এবং রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে সান্ত্বনা দেন এবং ক্ষয়ক্ষতির সার্বিক খোঁজখবর নিয়ে সরকারি ও ব্যক্তিগত তহবিল থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।
সংসদ সদস্য হারুন অর রশীদ বলেন, আকস্মিক এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো. কবির হোসেন, রাজবাড়ী