মাদক ও আধিপত্যের জেরে জোড়া খুন
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে আধিপত্য বিস্তার ও মাদকের টাকার ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে দুই জনকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার (১৭ জুলাই) দিনগত রাত ১টার দিকে দেবীনগর গ্রামের ব্রিক ফিল্ড এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দেবীনগর এলাকার মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন (৪৫) ও আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় মাদক বিক্রির টাকার ভাগবাটোয়ারা নিয়ে ছালিম হোসেনের সঙ্গে সন্ত্রাসী সামিরুল মোল্লার দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে গতকাল রাতে সামিরুল তার দলবল নিয়ে দেশীয় অস্ত্রসহ ছালিম হোসেনের (৪০) দেবীনগরের বাড়িতে হামলা চালায়। হামলার বিষয়টি টের পেয়ে ছালিম হোসেন কৌশলে বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
তবে ওই সময় ছালিমের বাড়িতে অবস্থান করছিলেন ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মন্ডল (৩৫)। হামলাকারীরা চাপাতি দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ফারুক হোসেন ও আব্দুল শেখের মৃত্যু হয়। অন্য আহত ব্যক্তি মুল্লুক মন্ডল কৌশলে পালিয়ে অন্যত্র চিকিৎসা নিচ্ছেন। সন্ত্রাসী দল চলে যাওয়ার পর স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, গতকাল বিকেলে দুই পক্ষের মধ্যে গোলমাল হয়েছিল। এর জের ধরেই রাত ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া