কারাগার থেকে বন্দি পলায়ন : বরখাস্ত ৭ কর্মকর্তা-কর্মচারী
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দি পালানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন মেট্রন ও চার নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার (১৮ জুলাই) সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) মো. জান্নাতুল ফরহাদ এই তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিক তদন্ত প্রতিবেদনে দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- মেট্রন লায়লা আনজুমান সুমি, মেরিনা ও রেহেনা এবং নারী কারারক্ষী শায়লা, শারমিন, জেমি ও আসমা।
কারা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় কারাগারের ভেতরে প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের নজরদারির ঘাটতির সুযোগ নিয়ে রিম্পা (২১) নামের এক বন্দি কারাগারের দেওয়াল টপকে পালিয়ে যান।
অনুসন্ধানে জানা যায়, রিম্পা কারাগারের অফিস ভবনের পাশের দেওয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর অতিক্রম করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর কারাগারের ভেতরে ব্যাপক তল্লাশি চালানো হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে কারাগারের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বন্দির পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয় কর্তৃপক্ষ। পলাতক বন্দি রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমন্ডি থানার ভ্রাম্যমাণ আদালতের একটি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যেও কীভাবে একজন বন্দি পালিয়ে যেতে সক্ষম হলেন সেটি খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে। এদিকে পলাতক রিম্পাকে পুনরায় গ্রেপ্তারে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ করছে।

নাসির আহমেদ, গাজীপুর