ভবনে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাঁচানো নারীর মরদেহ
ঝালকাঠি শহরের টিএনটি সড়কের একটি বহুতল ভবন থেকে মলিনা রায় (৪৫) নামে এক নারীর হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) দুপুর থেকে রাতের কোনো এক সময়ে এই ঘটনা ঘটে।
নিহত মলিনা রায় ওই ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে সপরিবারে ভাড়া থাকতেন। এ ঘটনায় হত্যাকারীরা ভবনের তিনটি ফ্ল্যাটের তালা ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ‘রথযাত্রা’ উপলক্ষে ওই তিনতলা ভবনের তিনটি ফ্ল্যাটের বাসিন্দারা সকালে তাদের গ্রামের বাড়িতে যান। ফলে পুরো ভবনে কেবল নিচতলার ফ্ল্যাটে মলিনা রায় একাই ছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে। সন্ধ্যায় মলিনা রায়ের মেয়ে পূজা রায় বাসায় ফিরে ঘরের মেঝেতে মায়ের হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাঁচানো রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। প্রতিবেশীদের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে ঝালকাঠি জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মলিনা রায়কে মৃত ঘোষণা করেন।
স্বজনরা জানান, ঘটনার সময় ভবনের তিনটি ফ্ল্যাটেরই দরজা-জানালার গ্রিল ও তালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ভেতরের আলমারি ও ওয়ারড্রব ভেঙে মালামাল তছনছ করে সবকটি ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরিতে বাধা দেওয়া বা চিনে ফেলার কারণে মলিনা রায়কে শ্বাসরোধ ও আঘাত করে হত্যা করা হয়েছে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ হাসান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কে এম সবুজ, ঝালকাঠি