মানিকগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১
জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আজ শুক্রবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের অষ্টদোনা গ্রামের মোতালেব মোল্লা (৭০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। তাঁদের মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন মোস্তাফিজুর রহমান (৪৮), মনির হোসেন (৪৫), রফিকুল ইসলাম (৩২) ও আমিনুল ইসলাম আমান (৩৫)। এঁরা সবাই মোতালেব মোল্লার স্বজন। এ ঘটনায় পুলিশ রেজাউল করিম (৩০) নামের একজনকে আটক করেছে।
নিহতের ভাতিজা শাহিনুল ইসলাম জানান, অষ্টদোনা গ্রামের সড়কের পাশে চার শতাংশ খাসজমি অনেক আগে থেকেই মোতালেব মোল্লার স্বজনদের নামে বন্দোবস্ত নেওয়া। ওই জমিতে দুপুর ২টার দিকে পাশের তোরাদোনা গ্রামের আক্কাস বেপারী, কালু মিয়া ও আমিনসহ ১৫-২০ জন ধারালো অস্ত্র এবং লাঠিসোটা নিয়ে ক্লাব ঘর তুলতে আসেন। এতে বাধা দিতে গেলে তারা মোতালেব মোল্লা ও তাঁর স্বজনদের ওপর হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের কোপে ও মারধরে মোতালেব মোল্লা, মোস্তাফিজুর, মনির, রফিকুল ও আমিনুল আহত হন।
আহতদের মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক মোতালেব ও মোস্তাফিজুরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পথে মোতালেব মারা যান বলেও জানান শাহিনুল।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ