অর্থনীতির প্রকৃত তথ্য গোপন করছে ইরান : যুক্তরাষ্ট্র
ইরান সরকার দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা গোপন করে জনগণের সঙ্গে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মার্কিন পররাষ্ট্র দপ্তরের ফার্সি ভাষার অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এই অভিযোগ তোলা হয়। খবর আলজাজিরার।
পোস্টে বলা হয়, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর দাবি করছেন যে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ অনেক বেশি। অন্যদিকে অর্থমন্ত্রী কোনো ধরনের পরিসংখ্যান বা তথ্য-উপাত্ত ছাড়াই রপ্তানি বৃদ্ধির বড়াই করছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও উল্লেখ করে, সরকারের এমন দাবির বিপরীতে সাধারণ ইরানিরা দেখছেন যে মাংস, মুরগি এবং আবাসনের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দিন দিন তাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।
ইরানের শীর্ষ পর্যায়ের নেতাদের বক্তব্যও পরস্পরবিরোধী বলে দাবি করেছে ওয়াশিংটন। পোস্টে বলা হয়, ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফের সাম্প্রতিক মন্তব্যগুলো কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্যের পুরোপুরি বিপরীত।
উল্লেখ্য, ইরান সরকারকে দুর্বল করতে সাম্প্রতিক মাসগুলোতে তেহরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

এনটিভি অনলাইন ডেস্ক