ভারতে বিষাক্ত মদপানে ১৫ জনের মৃত্যু
ভারতের মণিপুর রাজ্যে স্থানীয়ভাবে তৈরি মদ পান করে মিথানল বিষক্রিয়ায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১৫০ জন হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সময় শুক্রবার (২০ নভেম্বর) রাজ্যের চন্দেল জেলার চাকপি কারং এলাকায় এ ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
আক্রান্ত ব্যক্তিদের বেশিরভাগই চাকপি কারং ও আশপাশের এলাকার বাসিন্দা। তাদের মধ্যে প্রাপ্তবয়স্ক ও মধ্যবয়সী ব্যক্তিও রয়েছেন। স্থানীয়ভাবে তৈরি মদে বিষাক্ত মিথানল মিশে যাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ইম্ফালের শিজা হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে এখনও রোগী আসছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পরিস্থিতি দেখতে শিজা হাসপাতাল পরিদর্শন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং। তিনি রোগী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
বার্তা সংস্থা এএনআইকে শিজা হাসপাতালের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর চিকিৎসক চেতন হুন্দংবাম বলেন, চন্দেল জেলায় বিষক্রিয়ার খবর পাওয়ার পর রোগীরা হাসপাতালে আসতে শুরু করেন। তাদের পরীক্ষা করে মিথানল বিষক্রিয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। আক্রান্তদের বেশির ভাগই চাকপি কারং এলাকার।
চেতন হুন্দংবাম জানান, হাসপাতালে আসা রোগীদের মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হেমোডায়ালাইসিস দেওয়া হচ্ছে।
হাসপাতালের সক্ষমতার ওপর চাপের কথা উল্লেখ করে চিকিৎসক চেতন বলেন, প্রস্তুত করা শয্যাগুলো রোগীতে পূর্ণ হয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে রাজ্যের স্বাস্থ্য দপ্তর, রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (আরআইএমএস) এবং জেনিমসের সহায়তা চাওয়া হয়েছে। কিছু রোগীকে অন্য চিকিৎসাকেন্দ্রে পাঠানো হবে। তবে যাদের লাইফ সাপোর্ট বা হেমোডায়ালাইসিস প্রয়োজন, তাদের শিজা হাসপাতালেই চিকিৎসা দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী রোগীদের আশ্বস্ত করেছেন, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।
এদিকে চন্দেল জেলা সদর দপ্তরের সুমিল লাংহু এএনআইকে বলেন, গত দুই থেকে তিন দিন ধরে এ ঘটনা ঘটছে। তার পাওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় মদ পান থেকেই বিষক্রিয়ার সূত্রপাত। তবে ওই মদ কোথা থেকে এসেছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
লাংহু জানান, তার জানা তথ্য অনুযায়ী, ওই দিন সন্ধ্যা পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। শিজা হাসপাতালে প্রায় ১৫০ জন পরীক্ষা ও চিকিৎসার জন্য এসেছেন। এ ছাড়া বাবিনা হাসপাতালেও অনেক রোগী একই ধরনের চিকিৎসা নিচ্ছেন।
এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক