ভারতীয় বিমানবাহিনীর ‘সক্রিয়’ রাফাল যুদ্ধবিমান কমে হয়েছে ৩২
ব্রিটিশ এভিয়েশন প্রকাশনা ‘ফ্লাইটগ্লোবাল’-এর ‘ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস ২০২৭’ ডিরেক্টরি অনুযায়ী, ভারতীয় বিমান বাহিনীর কেনা ৩৬টি রাফাল যুদ্ধবিমানের মধ্যে ৩২টি বর্তমানে সক্রিয় রয়েছে। খবর দ্য হিন্দুর।
‘অপারেশন সিন্দুর’-এর পরবর্তী সময়ে ২০২৫ সালের নভেম্বরে প্রকাশিত এই ডিরেক্টরির আগের সংস্করণে ভারতের বিমান বহরে থাকা ফরাসি প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধবিমানের সংখ্যা ৩৫টি বলে উল্লেখ করা হয়েছিল।
সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’ এর প্রতিবেদন অনুযায়ী, এই ডিরেক্টরিতে পাকিস্তান বিমান বাহিনীর ব্যবহৃত ‘সাব ২০০০ এরিআই’ এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং (এইডব্লিউ) বিমানের সংখ্যা কমিয়ে সাতটি দেখানো হয়েছে। ২০২৫ সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনব্যাপী সংঘাতের আগে এ সংখ্যা ছিল ৯টি।
ফ্লাইটগ্লোবাল-এর প্রকাশিত এই তথ্যের বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও কোনো মন্তব্য করেনি।
তবে ‘দ্য হিন্দু’ মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত করে জানায়, তারা এই তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বলেছেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন কোনো তথ্য প্রদান করা হয়নি।
এই মূল্যায়নটি যুক্তরাজ্যভিত্তিক বিমান গোয়েন্দা ও বহর ট্র্যাকিং সংস্থা ‘সিরিয়াম’-এর সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। প্রকাশিত তথ্যে এটি স্পষ্ট করা হয়নি, কেন নির্দিষ্ট কিছু বিমানকে ‘নিষ্ক্রিয়’ (হিসেবে গণ্য করা হয়েছে অথবা এক বছরের ব্যবধানে কেন এই সংখ্যায় পরিবর্তন এসেছে।
এদিকে সংবাধ্মাধ্যম ‘দ্য ওয়্যার’-এর প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন বিমানের ‘টেইল নম্বর’ অনুসরণ করে তাদের অবস্থা পর্যবেক্ষণ করে সিরিয়াম। এটি মূলত প্রকাশ্যে দেখা যাওয়ার ঘটনা, ফ্লাইট-ট্র্যাকিং, ওপেন-সোর্স ডেটা এবং প্রতিরক্ষা সংক্রান্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে করা হয়। যদি কোনো বিমান দীর্ঘমেয়াদি মেরামত, কাঠামোগত সংস্কার বা আপগ্রেডের প্রক্রিয়ায় থাকে এবং ১২ মাসের মধ্যে সেটিকে কোথাও দেখা না যায়, তবে ট্র্যাকিং ব্যবস্থায় সেটিকে ‘সক্রিয়’ তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে।
কোনো বিমানকে ‘নিষ্ক্রিয়’ হিসেবে গণ্য করার অর্থ এই নয়, সেটি সরাসরি কোনো যুদ্ধে ধ্বংস বা হারিয়ে গেছে।
ডিরেক্টরিতে উল্লিখিত কিছু পরিসংখ্যান অসামঞ্জস্যপূর্ণ বলেও মনে হয়েছে। গত ১০ নভেম্বর প্রকাশিত ‘ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস ২০২৭’ ডিরেক্টরিতে ভারতীয় বিমান বাহিনীর বহরে ২৬৩টি ‘সু-৩০ এমকেআই’ যুদ্ধবিমানকে সক্রিয় হিসেবে দেখানো হয়েছে; অথচ বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ভারতের কাছে এই ধরনের বিমানের সংখ্যা ২৫৮ থেকে ২৬০টির মতো রয়েছে।
‘অপারেশন সিন্দুর’-এর সময় ভাইস এয়ার চিফ হিসেবে দায়িত্ব পালনকারী অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি গত বৃহস্পতিবার বলেছেন, ‘ওয়ার্ল্ড এয়ার ফোর্সেস’ ডিরেক্টরিতে করা দাবিটি ‘সম্পূর্ণ মিথ্যা’। তিনি আরও বলেন, এই প্রকাশনাটির উচিত তাদের তথ্যের উৎসগুলো পুনরায় যাচাই করে দেখা।
‘অপারেশন সিঁন্দুর’ : দাবি ও পাল্টা দাবি
৭ মে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের ভেতরে এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে হামলা চালায়। এই অভিযানের সাংকেতিক নাম ছিল ‘অপারেশন সিঁদুর’।
২০২৫ সালের এপ্রিলে পাহালগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছিল; ওই হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন।
১০ মে উভয় পক্ষ গোলাগুলি বন্ধ করার বিষয়ে একটি ‘সমঝোতায়’ পৌঁছায়।
পাকিস্তান দাবি করেছে, আকাশপথে লড়াইয়ের সময় তারা ভারতের কয়েকটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ইসলামাবাদের এই দাবির কোনো নিরপেক্ষ সত্যতা পাওয়া যায়নি।
ভারত অবশ্য স্বীকার করেছে, যুদ্ধের শুরুর দিকে তাদের কিছু উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, তবে ঠিক কতগুলো যুদ্ধবিমান হারিয়েছে, তা তারা প্রকাশ করেনি।
২০২৫ সালের জুলাই মাসে ভারতের প্রতিরক্ষা সচিব আর কে সিং সিএনবিসি-টিভি১৮-কে বলেন, ভারতীয় বিমানবাহিনীর একাধিক ‘রাফাল’ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবরটি সঠিক নয়। তিনি চ্যানেলটিকে বলেন, “আপনারা ‘রাফাল’ শব্দটি বহুবচনে ব্যবহার করেছেন; আমি নিশ্চিত করে বলতে পারি, এটি মোটেও সত্য নয়।”
২০২৫ সালের জুলাই মাসে এপির প্রতিবেদনে ফরাসি বিমানবাহিনীর প্রধান জেনারেল জেরোম বেলাঞ্জারের উদ্ধৃতি দিয়ে বলা হয়, তিনি এমন কিছু প্রমাণ দেখেছেন—যা থেকে বোঝা যায় ভারত তিনটি যুদ্ধবিমান হারিয়েছে। এর মধ্যে একটি রাফাল, একটি রুশ প্রযুক্তিতে তৈরি সু-৩০ এমকেআই এবং একটি মিরাজ ২০০০।
মিরাজ ২০০০ ফ্রান্সের তৈরি একটি যুদ্ধবিমান, তবে এটি আগের প্রজন্মের।
অন্যদিকে, ভারতীয় বিমানবাহিনী দাবি করেছে, এই সংঘাতের সময় তারা পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে এফ-১৬ ও জেএফ-১৭ শ্রেণির বিমান রয়েছে।
এফ-১৬ যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রে তৈরি, আর জেএফ-১৭ যুদ্ধবিমানগুলো চীনের তৈরি। ২০২৫ সালের আগস্ট মাসে, তৎকালীন ভারতীয় বিমানবাহিনী প্রধান অমর প্রীত সিং দাবি করেন, সংঘাতের সময় পাকিস্তানের একটি বড় আকারের গোয়েন্দা তথ্য সংগ্রহকারী বিমানকে ভূপাতিত করা হয়েছে।
এর আগে, যুদ্ধবিরতির দুই দিন পর ২০২৫ সালের ১২ মে ভারতীয় সামরিক বাহিনী দাবি করেছিল, পাকিস্তান বিমানবাহিনীর বেশ কয়েকটি বিমান ধ্বংস হয়েছে।
ইসলামাবাদ তাদের কোনো বিমান হারানোর বিষয়ে কোনো মন্তব্য না করলেও, সংঘাত চলাকালে ভারতের হামলায় তাদের বেশ কয়েকটি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করেছে।
গত ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার ভারতীয় বিমানবাহিনীর জন্য আরও ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তাব অনুমোদন করেছে। এ ছাড়া ভারত তাদের নৌবাহিনীর জন্য ২৬টি ‘রাফাল মেরিন’, অর্থাৎ বিমানবাহী রণতরীতে ব্যবহারের উপযোগী রাফাল যুদ্ধবিমান কিনতে যাচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক