বিয়ের দাবি নিয়ে ইনফ্লুয়েন্সারের বাড়িতে প্রবেশ, পিটুনিতে প্রাণ গেল ভক্তের
ভারতের চেন্নাইয়ে কর্মরত এক ব্যক্তি দিল্লিতে এসে জোরপূর্বক এক নারী ইনফ্লুয়েন্সারের বাড়িতে ঢুকে পড়েন এবং তাকে বিয়ে করার জন্য চাপ দিতে থাকেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই নারীর পরিবারের সদস্যরা তাকে মারধর করেন। ঘটনার এক সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইনফ্লুয়েন্সারের বাবা ও এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর এনডিটিভির।
ইনস্টাগ্রামে ছয় লাখেরও বেশি অনুসারী রয়েছে নেহা বিষ্ট নামের ওই ইনফ্লুয়েন্সারের। তার প্রতিটি রিলস ভিডিও লাখ লাখ বার দেখা হয়েছে। সম্প্রতি ইনস্টাগ্রাম ও ইউটিউবে নিজের বাগদান এবং আসন্ন বিয়ে নিয়ে বিভিন্ন ভিডিও পোস্ট করছিলেন নেহা।
উত্তরপ্রদেশের গাজিপুরের বাসিন্দা অভিনব চেন্নাইয়ের একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। গত ৭ নভেম্বর পূর্ব দিল্লির মধু বিহারে নেহা বিষ্টের বাড়িতে জোর করে ঢুকে পড়েন তিনি। তখন নেহা বাড়িতেই ছিলেন। অভিনব তাকে বিয়ে করার দাবি জানান। ঘটনার পরদিন থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, ওই সময় অভিনবের শরীর থেকে মদের গন্ধ আসছিল।
অভিনবের এই আচরণে ক্ষুব্ধ হয়ে নেহার পরিবারের সদস্য ও কয়েকজন প্রতিবেশী তাকে মারধর করেন এবং পরে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে, ওই ব্যক্তির পিঠে ও ডান পায়ে গুরুতর আঘাত রয়েছে। তাকে দ্রুত রাজীব গান্ধী হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ নভেম্বর তার মৃত্যু হয়।
পুলিশের তদন্তে জানা গেছে, অভিনব নিয়মিত নেহা বিষ্টের কন্টেন্ট দেখতেন এবং সময়ের সঙ্গে সঙ্গে তার মনে নেহার প্রতি একতরফা ভালো লাগা তৈরি হয়। এমনকি কয়েক মাস আগেও তিনি একজন ভক্ত হিসেবে নেহার বাড়িতে গিয়েছিলেন।
পুলিশের জানায়, নেহা বিষ্ট অন্য একজনকে বিয়ে করতে যাচ্ছেন—এই বিষয়টি মেনে নিতে পারেননি অভিনব। অথচ নেহা জানতেনই না, অভিনব আসলে কে।
পুলিশ এখন অনিচ্ছাকৃত হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় কন্টেন্ট ক্রিয়েটর নেহার বাবা বীরেন্দ্র বিষ্ট ও এক প্রতিবেশীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা নিশ্চিত হতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের এক কর্মকর্তা জানান, ঘটনার অন্যান্য দিকগুলোও খতিয়ে দেখা হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক