যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া কি পারমাণবিক অস্ত্র চুক্তিতে পৌঁছাতে পারবে?
চীনের শেনঝেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক ঘিরে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির বিষয়টি আলোচনায় এলেও তাৎক্ষণিক কোনো বড় সমঝোতার সম্ভাবনা খুবই কম। কূটনৈতিক সূত্র ও বিশ্লেষকদের মতে, এই বৈঠক থেকে চূড়ান্ত কোনো চুক্তির প্রত্যাশা প্রায় নেই বললেই চলে। খবর আলজাজিরার।
বার্তা সংস্থা রয়টার্সকে ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, আমরা কোনো ধরনের চুক্তিতে পৌঁছানোর প্রত্যাশা করছি না। এই ত্রিপক্ষীয় বৈঠককে কেবল ‘আলোচনার শুরু’ হিসেবে বর্ণনা করেছেন তিনি।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হওয়া ‘নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি’ (নিউ স্টার্ট) চুক্তিটি আরও এক বছরের জন্য বাড়ানোর রুশ প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরিবর্তে তিনি চীনকে অন্তর্ভুক্ত করে ‘নতুন, উন্নত ও আধুনিক’ পারমাণবিক চুক্তির দাবি জানিয়ে আসছেন।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপ্রি) তথ্য অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি পারমাণবিক ওয়ারহেড বা অস্ত্রের মজুত রয়েছে রাশিয়ার হাতে। এর পরই রয়েছে যুক্তরাষ্ট্র এবং তৃতীয় অবস্থানে আছে চীন।
তবে বেইজিং দীর্ঘদিন ধরেই বলে আসছে, চীন তার তুলনামূলক ছোট পারমাণবিক মজুত নিয়ে আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে তাদের বিশাল পারমাণবিক অস্ত্রাগার কমাতে হবে। অন্যদিকে, মস্কো অনড় অবস্থানে থেকে জানিয়েছে, যেকোনো নতুন চুক্তিতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ যুক্তরাজ্য ও ফ্রান্সের পারমাণবিক অস্ত্রের মজুতকেও বিবেচনায় নিতে হবে।
তিন পরাশক্তির এমন বিপরীতমুখী অবস্থানের কারণে শেনঝেনের এই বৈঠকে পারমাণবিক অস্ত্র সীমিতকরণ ইস্যুতে বড় কোনো অগ্রগতি হওয়া কঠিন বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

এনটিভি অনলাইন ডেস্ক