গেমের টানে ঘুম-অফিস-সংসার বিসর্জন! জিটিএ-৬ ঘিরে বিশ্বজুড়ে কী কাণ্ড
একটি ভিডিও গেমের জন্য কেউ অফিস থেকে ছুটি নিচ্ছেন, কেউ পরিবারের সঙ্গে লিখিত চুক্তি করছেন- কখন তাকে বিরক্ত করা যাবে আর কখন যাবে না। কেউ আবার গেমটি শেষ না করা পর্যন্ত কম্পিউটার বা কনসোলের সামনে থেকে উঠবেন না বলে ঘোষণা দিয়েছেন। এমনকি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি গাড়ির যন্ত্রাংশ ও পারফরম্যান্স টিউনিং প্রতিষ্ঠান গেমটি মুক্তির দিন পুরো দিনের জন্য কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। শুনতে অদ্ভুত লাগলেও বাস্তবতা হলো, এসব ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি ভিডিও গেম- ‘গ্র্যান্ড থেফট অটো ৬’, সংক্ষেপে জিটিএ-৬।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মুক্তি পাচ্ছে রকস্টার গেমসের বহুল প্রতীক্ষিত এই গেম। ২০১৩ সালে জিটিএ-৫ প্রকাশের পর দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে এই গেমটি মুক্তির মাধ্য দিয়ে। গেমটির জন্য অপেক্ষা করতে করতে অনেক ভক্তের শৈশব পেরিয়ে কৈশোর, কেউ কেউ আবার প্রাপ্তবয়স্কও হয়ে গেছেন। তাই জিটিএ-৬ এখন কেবল নতুন একটি গেম নয়, এটি এক প্রজন্মের স্মৃতি, প্রত্যাশা এবং বিনোদনজগতের বড় এক সাংস্কৃতিক ঘটনা।
গেম খেলতে ছুটি, স্ত্রীকে লিখিত চুক্তি!
জিটিএ-৬ নিয়ে উন্মাদনার সবচেয়ে মজার কিছু উদাহরণ সামনে এসেছে মুক্তির আগেই। বার্তা সংস্থা রয়টার্সের ১৭ নভেম্বরের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে গেমটির মুক্তির দিন কর্মীদের ছুটির আবেদন নভেম্বরের অন্য দিনের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি। কর্মক্ষেত্রের সময়সূচি ব্যবস্থাপনা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ব্যাম্বোএইচআরের তথ্য অনুযায়ী, তাদের জরিপে অংশ নেওয়া জেন-জি কর্মীদের প্রায় এক-তৃতীয়াংশ ওই দিন ছুটি নেওয়ার পরিকল্পনা করেছেন। কেউ কেউ শুধু ছুটি নিয়েই থেমে থাকেননি, গেম খেলার জন্য পরিবারের সঙ্গেও আগাম বোঝাপড়া করে রেখেছেন।
সিঙ্গাপুরের এক গেমার জুলিয়ান টে সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্ত্রীর সঙ্গে করা একটি পাঁচ দফার ‘জিটিএ-৬ গেমিং এগ্রিমেন্ট’ প্রকাশ করেন। চুক্তিটি প্রথম ১০ দিনের জন্য। সেখানে উল্লেখ করা হয়েছে, কোন সময়ে গেমের মিশনে বাধা দেওয়া যাবে, কখন আলিঙ্গন বা চুমুর জন্য বিরতি নেওয়া যাবে, আর কখন ঘরের কাজ বা বাজার করার মতো দায়িত্ব পালন করতে হবে। অর্থাৎ, সংসারের দৈনন্দিন কাজের মধ্যেও জিটিএ-৬ খেলার সময় নিশ্চিত করতে আগাম সমঝোতা!
আরেক গেমার ব্রেডেন হোয়েলি রয়টার্সকে জানিয়েছেন, গেমটি শেষ না করা পর্যন্ত তিনি একটানা খেলার পরিকল্পনা করছেন। তার ভাষায়, তিনি এমন এক মনোযোগের অবস্থায় ঢুকতে চান, যেখান থেকে পুরো গেম শেষ না করে উঠবেন না।
কিছু প্রতিষ্ঠানও কর্মীদের এই আগ্রহকে গুরুত্ব দিচ্ছে। গেমিং হার্ডওয়্যার নির্মাতা লজিটেক কর্মীদের জন্য ‘গেম ডে’ নামে অতিরিক্ত এক দিনের ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বার্গার মোটরস্পোর্টস নামের একটি গাড়ির যন্ত্রাংশ ও পারফরম্যান্স টিউনিং প্রতিষ্ঠান বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুরো দিনের জন্য কার্যক্রম বন্ধ রাখবে বলে ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কর্মীরা যাতে গেমটি মুক্তির দিন খেলতে পারেন, সে কারণেই এই সিদ্ধান্ত।
কী আছে জিটিএ-৬-এ?
জিটিএ-৬-এর গল্পের পটভূমি যুক্তরাষ্ট্রের কাল্পনিক অঙ্গরাজ্য লিওনিডা। এর সবচেয়ে পরিচিত শহর ভাইস সিটি- যা বাস্তবের মায়ামি শহরের আদলে তৈরি। ঝলমলে সমুদ্রসৈকত, নিয়ন আলোয় সাজানো শহর, বিলাসবহুল গাড়ি, নাইটলাইফ, অপরাধজগৎ, গ্রামীণ এলাকা এবং নানা ধরনের মানুষের জীবন- সব মিলিয়ে তৈরি হয়েছে বিশাল এক উন্মুক্ত জগৎ।
গেমটির কেন্দ্রীয় চরিত্র দুজন- লুসিয়া কামিনোস ও জেসন ডুভাল। তারা অপরাধজগতের অংশীদার এবং একটি ডাকাতির পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর জড়িয়ে পড়েন আরও বড় এক ষড়যন্ত্রে। বিপদ থেকে বেরিয়ে আসতে তাদের একে অপরের ওপর নির্ভর করতে হয়।
গেমটির অন্যতম উল্লেখযোগ্য দিক হলো লুসিয়া। জিটিএ সিরিজে এর আগে নারী চরিত্র থাকলেও এবার প্রথমবারের মতো একজন নারীকে পূর্ণাঙ্গ খেলার যোগ্য প্রধান চরিত্র হিসেবে সামনে আনা হয়েছে। ফলে খেলোয়াড়েরা গল্পের বিভিন্ন পর্যায়ে লুসিয়া ও জেসন- দুজনের অভিজ্ঞতার মধ্য দিয়ে এগোতে পারবেন।
রকস্টারের প্রকাশিত তথ্য অনুযায়ী, গেমটির গল্পে অপরাধ, সম্পর্ক, বিশ্বাস, ষড়যন্ত্র এবং আধুনিক আমেরিকান সমাজের নানা দিক উঠে আসবে।
শুধু অপরাধ নয়, বাস্তব জীবনের ব্যঙ্গচিত্র
জিটিএ সিরিজের জনপ্রিয়তার বড় কারণ শুধু গাড়ি চুরি, পুলিশকে ফাঁকি দেওয়া কিংবা অপরাধের মিশন নয়। গেমটি দীর্ঘদিন ধরে আধুনিক সমাজ, ভোগবাদ, অর্থ, ক্ষমতা, রাজনীতি, সংবাদমাধ্যম ও জনপ্রিয় সংস্কৃতিকে ব্যঙ্গ করার জন্য পরিচিত।
জিটিএ-৫-এ যেমন কাল্পনিক লস সান্তোস শহরের মাধ্যমে লস অ্যাঞ্জেলেস ও আমেরিকার ভোগবাদী সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়েছিল, তেমনি জিটিএ-৬-এ ভাইস সিটির মাধ্যমে ফ্লোরিডা ও যুক্তরাষ্ট্রের সমসাময়িক সামাজিক বাস্তবতার ব্যঙ্গাত্মক চিত্র দেখা যেতে পারে।
কেন এত দীর্ঘ অপেক্ষা?
জিটিএ-৬ নিয়ে উন্মাদনার সবচেয়ে বড় কারণ সম্ভবত এর দীর্ঘ অপেক্ষা। জিটিএ-৫ মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। এরপর রকস্টার গেমসের আরেকটি বড় ওপেন-ওয়ার্ল্ড গেম ‘রেড ডেড রিডেম্পশন ২’ প্রকাশিত হয় ২০১৮ সালে। জিটিএ-৬ নিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন গেম তৈরির কথা জানানো হয় ২০২২ সালে। প্রথম ট্রেলার প্রকাশিত হয় ২০২৩ সালের ডিসেম্বরে।
এরপর প্রতিটি নতুন দৃশ্য, চরিত্রের ছবি কিংবা ছোট্ট তথ্য নিয়েও ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রথম ট্রেলারটি ইউটিউবে ৩০ কোটির বেশি বার দেখা হয়েছে। এমনকি গেমটির নতুন ঝলক দেখানোর জন্য প্রকাশিত একটি বিশেষ ভিডিও নেটফ্লিক্সের জনপ্রিয় তালিকাতেও উঠে এসেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দীর্ঘ অপেক্ষা মানুষের প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিয়েছে। যারা ২০১৩ সালে কিশোর বয়সে জিটিএ-৫ খেলেছেন, তাদের অনেকেই এখন চাকরি করছেন, সংসার করছেন কিংবা নিজের সন্তানকে নিয়ে গেম খেলার বয়সে পৌঁছেছেন। তাদের কাছে নতুন গেমটি একদিকে নতুন অভিজ্ঞতা, অন্যদিকে পুরোনো স্মৃতির সঙ্গে পুনরায় যুক্ত হওয়ার সুযোগ।
এক বিলিয়ন ডলারের গেম?
জিটিএ-৬ শুধু আলোচনায় নয়, অর্থের অঙ্কেও নজির গড়তে পারে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গেমটির নির্মাণ ব্যয় এক বিলিয়ন ডলার বা তার বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে রকস্টার গেমস কিংবা এর মূল প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভ আনুষ্ঠানিকভাবে পূর্ণ বাজেট প্রকাশ করেনি। ফলে এই অঙ্ককে নিশ্চিত হিসাব না ধরে শিল্পসংশ্লিষ্ট অনুমান হিসেবে দেখা উচিত।
যুক্তরাষ্ট্রে গেমটির সাধারণ সংস্করণের দাম ৭৯ দশমিক ৯৯ ডলার। আর অতিরিক্ত গাড়ি, অস্ত্র ও পোশাকসহ আলটিমেট সংস্করণের দাম ৯৯ দশমিক ৯৯ ডলার।
রয়টার্সের প্রতিবেদনে গেম বিশ্লেষক জুস্ট ভ্যান ড্রুনেনের অনুমানের কথা বলা হয়েছে। তার হিসাবে, গেমটির প্রি-অর্ডার প্রায় এক কোটি কপি হয়ে থাকলে এবং গড় বিক্রয়মূল্য ১০০ ডলারের কাছাকাছি হলে মুক্তির আগেই ক্রেতাদের ব্যয়ের পরিমাণ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে। বাজার গবেষণা প্রতিষ্ঠান নিউজুর অনুমান, প্রথম সপ্তাহে বিক্রি ৩ দশমিক ২৫ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।
গেমটি কি সবার জন্য?
জিটিএ-৬ নিয়ে এত উচ্ছ্বাস থাকলেও এটি সব বয়সের খেলোয়াড়ের জন্য নয়। রকস্টারের প্রকাশিত সতর্কতায় রক্তপাত, তীব্র সহিংসতা, নগ্নতা, যৌন বিষয়বস্তু, মাদক ও অ্যালকোহলের উপস্থিতির কথা উল্লেখ রয়েছে। তাই গেমটি কেনার আগে বয়সভিত্তিক রেটিং ও কনটেন্ট সতর্কতা দেখে নেওয়া জরুরি।
আরেকটি বিষয় হলো, মুক্তির সময় গেমটি পাওয়া যাবে প্লেস্টেশন ৫ এবং এক্সবক্স সিরিজ এক্স ও এস কনসোলে। রকস্টারের বর্তমান আনুষ্ঠানিক পৃষ্ঠায় পিসি সংস্করণের মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। ফলে পিসি ব্যবহারকারীদের আপাতত অপেক্ষা করতে হবে।
উন্মাদনার পেছনে আসলে কী?
জিটিএ-৬-এর জনপ্রিয়তাকে শুধু ভালো গ্রাফিকস কিংবা নতুন মিশনের আকর্ষণ দিয়ে ব্যাখ্যা করা কঠিন। এর পেছনে কাজ করছে কয়েকটি বিষয়।
প্রথমত, জিটিএ একটি প্রতিষ্ঠিত বৈশ্বিক ব্র্যান্ড। প্রায় তিন দশক ধরে সিরিজটির সঙ্গে যুক্ত খেলোয়াড়দের আবেগ ও স্মৃতি রয়েছে। দ্বিতীয়ত, দীর্ঘ বিরতি প্রত্যাশাকে অস্বাভাবিকভাবে বাড়িয়েছে। তৃতীয়ত, রকস্টার খুব সীমিত তথ্য প্রকাশ করে আগ্রহ ধরে রাখতে পেরেছে। ফলে প্রতিটি ট্রেলার, ছবি কিংবা খবরই আলোচনার বিষয় হয়ে উঠেছে।
বাজার গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের যুক্তরাজ্যভিত্তিক এক জরিপেও এর প্রমাণ পাওয়া গেছে। ২ থেকে ৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত ১৮ থেকে ৬৪ বছর বয়সী এক হাজার মানুষের ওপর চালানো জরিপে দেখা যায়, জিটিএ-৬ সম্পর্কে জানেন এমন ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের ৭১ শতাংশ গেমটি কেনার পরিকল্পনা করছেন।
জরিপে অংশ নেওয়া সম্ভাব্য ক্রেতাদের ৪২ শতাংশ জানিয়েছেন, গেমটি খেলতে তারা টেলিভিশন বা স্ট্রিমিং কনটেন্ট দেখার সময় কমাতে পারেন। ৩২ শতাংশ বেশি সময় খেলার জন্য ছুটির দিনের অপেক্ষা করবেন। ২৭ শতাংশ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সময় কমানোর কথা ভাবছেন। আর ২০ শতাংশ মনে করেন, গেম খেলার জন্য খেলোয়াড়েরা ঘুমের সময়ও কমিয়ে দিতে পারেন।
একই জরিপে ৮ শতাংশ বলেছেন, গেমটি খেলতে তারা কাজ বা স্কুলের একটি দিন বাদ দিতে পারেন। আরও ৬ শতাংশ বিশেষভাবে ছুটি নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক