১২ সেকেন্ডের ভিডিও, ১০ বিলিয়নের আইনি ঝড়
একটি ভিডিওর দৈর্ঘ্য মাত্র ১২ সেকেন্ড। কিন্তু সেই ভিডিওকে ঘিরে তৈরি হয়েছে আন্তর্জাতিক বিতর্ক। বিশ্বের অন্যতম প্রভাবশালী সম্প্রচারমাধ্যম বিবিসির জন্য ঘটনাটি এখন শুধু সম্পাদকীয় ভুলের প্রশ্ন নয়, এটি প্রতিষ্ঠানটির বিশ্বাসযোগ্যতা, সাংবাদিকতার নৈতিকতা এবং আইনি দায়বদ্ধতারও বড় পরীক্ষা।
বিতর্কের কেন্দ্রে রয়েছে ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের ভাষণ। সেদিন কংগ্রেসে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে অনুমোদনের প্রক্রিয়া চলছিল। এর আগে হোয়াইট হাউসের কাছে এলিপ্স পার্কে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প। সেই ভাষণের দুটি পৃথক অংশ জুড়ে দিয়ে একটি ভিডিও তৈরি করে বিবিসি। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রায় এক সপ্তাহ আগে বিবিসির জনপ্রিয় অনুষ্ঠান ‘প্যানোরামা’য় প্রচারিত ‘ট্রাম্প: এ সেকেন্ড চান্স?’ শীর্ষক তথ্যচিত্রে ভিডিওটি ব্যবহার করা হয়। অভিযোগ ওঠে, ভাষণের দুটি পৃথক অংশ পাশাপাশি জুড়ে দেওয়ায় ট্রাম্পের প্রকৃত বক্তব্যের অর্থ বদলে গেছে এবং দর্শকের কাছে বিভ্রান্তিকর ধারণা তৈরি হয়েছে। এতে এমন একটি ধারণা তৈরি হয়, যেন ডোনাল্ড ট্রাম্প তার সমর্থকদের ক্যাপিটলের দিকে নিয়ে গিয়ে সরাসরি সহিংসতার আহ্বান জানিয়েছিলেন।
পরে বিবিসির অভ্যন্তরীণ একটি স্মারকলিপিতে সম্পাদনার বিষয়টি নিয়ে গুরুতর প্রশ্ন তোলা হয়। বিষয়টি প্রকাশ্যে আসার পর প্রতিষ্ঠানটির মহাপরিচালক টিম ডেভি ও সংবাদ বিভাগের প্রধান ডেবোরা টার্নেস পদত্যাগ করেন। বিবিসি পরে ভুল স্বীকার করে ট্রাম্পের কাছে ক্ষমা চায়। কিন্তু ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায়।
এবার যুক্তরাষ্ট্রের আদালতে মামলাটি প্রাথমিক বাধা অতিক্রম করায় বিবিসির সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
কী ছিল সেই ভিডিওতে?
ঘটনার সূত্রপাত ২০২১ সালের ৬ জানুয়ারি। ওই দিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের যৌথ অধিবেশনে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন করার কথা ছিল। তার আগে হোয়াইট হাউসের কাছের এলিপ্স পার্কে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নির্বাচনে জো বাইডেনের জয়কে ট্রাম্প মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তার দাবি ছিল, নির্বাচনে কারচুপি হয়েছে। যদিও তার এ দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি এবং বিভিন্ন আদালতেও নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে করা মামলাও টেকেনি।
ভাষণে ট্রাম্প সমর্থকদের ক্যাপিটলের দিকে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘We’re going to walk down to the Capitol, and we’re going to cheer on our brave senators.’ অর্থাৎ ‘আমরা ক্যাপিটলের দিকে হেঁটে যাব এবং আমাদের সাহসী সিনেটরদের উৎসাহ দেব।’
ভাষণের প্রায় ৫৫ মিনিট পর তিনি আবার বলেন, ‘We fight. We fight like hell.’ অর্থাৎ, ‘আমরা লড়ব। আমরা মরিয়া হয়ে লড়ব।’
এই বক্তব্যের পর ট্রাম্প আরও বলেন, সমর্থকেরা যদি মরিয়া হয়ে লড়াই না করেন, তাহলে তাদের দেশ আর থাকবে না।
কিন্তু বিবিসির প্যানোরামা অনুষ্ঠানে প্রচারিত ভিডিওতে বক্তব্যের দুটি অংশ এমনভাবে জুড়ে দেওয়া হয়, যেন ট্রাম্প ক্যাপিটলের দিকে যাওয়ার আহ্বানের পরপরই সমর্থকদের সঙ্গে থেকে ‘মরিয়া হয়ে লড়াই’ করার কথা বলছেন।
এতে দর্শকের কাছে এমন ধারণা তৈরি হওয়ার সুযোগ ছিল যে ট্রাম্প সরাসরি সমর্থকদের সহিংসতার দিকে ঠেলে দিচ্ছেন।
সমস্যা শুধু বক্তব্যের দুটি অংশ জুড়ে দেওয়ায় ছিল না। ট্রাম্পের ওই ভাষণের আরেকটি অংশও ভিডিওতে বাদ পড়েছিল। সেখানে তিনি সমর্থকদের ‘শান্তিপূর্ণ ও দেশপ্রেমিকভাবে’ নিজেদের বক্তব্য তুলে ধরার আহ্বান জানিয়েছিলেন।
অর্থাৎ, ভিডিওতে এমন কিছু বক্তব্য রাখা হয়েছিল, যা ট্রাম্পের বক্তব্যকে আরও আক্রমণাত্মক হিসেবে তুলে ধরতে পারে; অন্যদিকে তার শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বানটি বাদ পড়ে যায়।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসি নিউজ এবং বিট্রিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনেও সম্পাদনার এই বিষয়টি উঠে এসেছে। মূল ভাষণের দুটি অংশের মধ্যে প্রায় ৫০ মিনিটের ব্যবধান ছিল বলে তারা উল্লেখ করেছে।
কীভাবে প্রকাশ্যে এলো সম্পাদনার বিতর্ক?
২০২৪ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রায় এক সপ্তাহ আগে বিবিসির প্যানোরামায় প্রচারিত হয় ‘Trump: A Second Chance?’ শিরোনামের তথ্যচিত্রটি।
অনুষ্ঠানটির উদ্দেশ্য ছিল ট্রাম্পের রাজনৈতিক উত্থান, তার জনপ্রিয়তা এবং যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তার প্রভাব বিশ্লেষণ করা। কিন্তু পরবর্তী সময়ে তথ্যচিত্রটির সম্পাদনা নিয়ে প্রশ্ন ওঠে।
২০২৫ সালের নভেম্বরে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফে বিবিসির সাবেক স্বাধীন সম্পাদকীয় উপদেষ্টা মাইকেল প্রেসকটের একটি অভ্যন্তরীণ স্মারকলিপির তথ্য প্রকাশিত হয়। প্রেসকট বিবিসির সম্পাদকীয় মান ও নির্দেশনা-সংক্রান্ত কমিটির সাবেক উপদেষ্টা ছিলেন।
স্মারকলিপিতে তিনি শুধু ট্রাম্পের ভাষণের সম্পাদনা নয়, বিবিসির সংবাদ পরিবেশনায় আরও কিছু বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার অভিযোগ ছিল, কিছু ক্ষেত্রে সংবাদ পরিবেশনায় পক্ষপাতের লক্ষণ দেখা গেছে এবং সম্পাদকীয় মান নিয়ে ওঠা প্রশ্নের যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি।
ট্রাম্পের ভাষণের সম্পাদনাকে তিনি বিশেষভাবে গুরুতর বলে উল্লেখ করেন। তার মতে, আলাদা সময়ে দেওয়া বক্তব্য জুড়ে দেওয়ার ফলে দর্শকের কাছে ট্রাম্পের বক্তব্যের অর্থ বদলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।
২০২৫ সালের ৩ নভেম্বর দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনে জানায়, প্যানোরামার ওই সম্পাদনা নিয়ে বিবিসির ভেতরেও আগে প্রশ্ন উঠেছিল। কিন্তু বিষয়টি নিয়ে যথাযথ আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে প্রেসকট অভিযোগ করেন।
অর্থাৎ, বিতর্কটি কেবল বাইরে থেকে আসা রাজনৈতিক অভিযোগ ছিল না। বিবিসির নিজস্ব সম্পাদকীয় কাঠামোর ভেতর থেকেও প্রশ্ন উঠেছিল।
পদত্যাগ করতে হয় বিবিসির শীর্ষ দুই কর্মকর্তাকে
স্মারকলিপির তথ্য প্রকাশ্যে আসার পর বিবিসির ওপর চাপ বাড়তে থাকে। শেষ পর্যন্ত ২০২৫ সালের ৯ নভেম্বর বিবিসির মহাপরিচালক টিম ডেভি পদত্যাগের ঘোষণা দেন। পরদিন সংবাদ বিভাগের প্রধান ডেবোরা টার্নেসও পদ ছাড়ার সিদ্ধান্ত জানান।
টিম ডেভি তার পদত্যাগের বক্তব্যে বলেন, বিবিসি সামগ্রিকভাবে ভালো কাজ করলেও কিছু ভুল হয়েছে। প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সেই ভুলের চূড়ান্ত দায়ভার তাকেই নিতে হবে।
অন্যদিকে ডেবোরা টার্নেস বলেন, বিবিসি প্রাতিষ্ঠানিকভাবে পক্ষপাতদুষ্ট নয়। তবে প্যানোরামার অনুষ্ঠান ঘিরে তৈরি হওয়া বিতর্ক তার পদত্যাগের সিদ্ধান্তে ভূমিকা রেখেছে।
এই পদত্যাগ বিবিসির জন্য বড় ধাক্কা ছিল। কারণ, একজন মহাপরিচালক ও সংবাদ বিভাগের প্রধান- দুজনই বিশ্বের অন্যতম পরিচিত সম্প্রচারমাধ্যমের শীর্ষ পদে ছিলেন।
তবে ঘটনাটি শুধু দুই কর্মকর্তার পদত্যাগে শেষ হয়নি। বিবিসির পরিচালনা পর্ষদ, সম্পাদকীয় তদারকি এবং অভিযোগ নিষ্পত্তির পদ্ধতি নিয়েও প্রশ্ন উঠতে থাকে।
২০২৫ সালের ২৪ নভেম্বর যুক্তরাজ্যের পার্লামেন্টের কালচার, মিডিয়া অ্যান্ড স্পোর্টস কমিটিতে বিবিসির সাবেক সম্পাদকীয় উপদেষ্টা মাইকেল প্রেসকটসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সাক্ষ্য দেন। সেখানে বিবিসির সম্পাদকীয় মান, অভ্যন্তরীণ নজরদারি এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়।
বিবিসি কি ভুল স্বীকার করেছে?
২০২৫ সালের নভেম্বরে বিবিসি আনুষ্ঠানিকভাবে স্বীকার করে, প্যানোরামায় ট্রাম্পের ভাষণের সম্পাদনা দর্শকের কাছে ভুল ধারণা তৈরি করেছিল।
বিবিসির চেয়ারম্যান সামির শাহ ট্রাম্পের কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চান। প্রতিষ্ঠানটি জানায়, সম্পাদনার কারণে এমন ধারণা তৈরি হয়েছিল যেন ট্রাম্প সরাসরি সহিংসতার আহ্বান জানিয়েছেন। অথচ ভিডিওতে ভাষণের দুটি আলাদা অংশ জুড়ে দেওয়া হয়েছিল।
বিবিসি আরও জানায়, ওই তথ্যচিত্রটি একই সম্পাদিত রূপে পুনরায় আর প্রচার করা হবে না।
তবে ক্ষমা চাইলেও বিবিসি ট্রাম্পের মানহানির অভিযোগ মেনে নেয়নি। প্রতিষ্ঠানটির বক্তব্য ছিল, সম্পাদনায় ভুল হয়েছে এবং সে জন্য ক্ষমা চাওয়া হয়েছে; কিন্তু এর অর্থ এই নয় যে ট্রাম্পের আইনি দাবির ভিত্তি রয়েছে বা তাকে ক্ষতিপূরণ দিতে হবে।
এখানে বিবিসির অবস্থানটি গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানটি একদিকে সম্পাদকীয় ভুল স্বীকার করেছে, অন্যদিকে আইনি দায় স্বীকার করেনি। অর্থাৎ, ভুল সম্পাদনা এবং মানহানি- দুটি বিষয়কে তারা আলাদা করে দেখছে।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) ২০২৫ সালের ১৩ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়, বিবিসি ক্ষমা চাইলেও ট্রাম্পের ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান করেছিল।
ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মামলা
বিবিসির ক্ষমা প্রার্থনার পরও ট্রাম্পের আইনি পদক্ষেপ থেমে থাকেনি। তার আইনজীবীরা প্রথমে ১০০ কোটি ডলার বা ১ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করার হুমকি দেন। একই সঙ্গে তথ্যচিত্র প্রত্যাহার, ক্ষমা প্রার্থনা এবং ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।
পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফেডারেল আদালতে দায়ের করা মামলায় ক্ষতিপূরণের দাবি বেড়ে ১০ বিলিয়ন ডলারে পৌঁছায়।
ট্রাম্পের অভিযোগ, বিবিসির সম্পাদিত ভিডিও তার রাজনৈতিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করেছে। তার বক্তব্যকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন তিনি সরাসরি সমর্থকদের সহিংসতার নির্দেশ দিয়েছেন। এতে তার ভাবমূর্তি ও ব্যবসায়িক স্বার্থের ক্ষতি হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
এ মামলায় ট্রাম্পের অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে তিনটি বিষয়-
১. বিবিসি তার বক্তব্যের দুটি আলাদা অংশ জুড়ে দিয়ে বক্তব্যের অর্থ বদলে দিয়েছে।
২. সম্পাদনার ফলে দর্শকের কাছে তার সম্পর্কে বিভ্রান্তিকর ও ক্ষতিকর ধারণা তৈরি হয়েছে।
৩. ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগে তথ্যচিত্রটি প্রচারিত হওয়ায় তার রাজনৈতিক ভাবমূর্তির ক্ষতি হয়েছে।
তবে ট্রাম্পের দাবি আদালতে প্রমাণিত হয়েছে- এমন নয়। ক্ষতিপূরণের অঙ্কও আদালত নির্ধারণ করেনি।
আদালতের নতুন সিদ্ধান্ত : ট্রাম্পের বড় অগ্রগতি, চূড়ান্ত জয় নয়
বিতর্কে নতুন মোড় এসেছে গত মঙ্গলবার (১০ নভেম্বর)। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ফেডারেল আদালতের বিচারক জেফরি কুন্টজ বিবিসির মামলাটি খারিজ করার আবেদন নাকচ করে দিয়েছেন। ফলে ট্রাম্পের মানহানির মামলাটি পরবর্তী আইনি ধাপে এগোতে পারবে।
রয়টার্সের ১০ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, বিচারক মনে করেছেন, ট্রাম্পের অভিযোগগুলো এমন পর্যায়ে রয়েছে, যা মানহানির মামলা চালিয়ে যাওয়ার জন্য প্রাথমিকভাবে যথেষ্ট। বিশেষ করে বিবিসি বক্তব্যের দুটি অংশ জুড়ে এমন একটি ধারণা তৈরি করেছে কি না, যা ট্রাম্পের সুনাম ক্ষুণ্ন করতে পারে- সেটি বিচারযোগ্য প্রশ্ন।
তবে আদালতের এই সিদ্ধান্তের অর্থ বিবিসি মানহানির দায়ে দোষী সাব্যস্ত হয়েছে, এমন নয়। বিচারক এখনও চূড়ান্তভাবে নির্ধারণ করেননি যে বিবিসি আইন ভেঙেছে, ট্রাম্পের সুনাম বাস্তবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা তাকে ক্ষতিপূরণ দিতে হবে।
একই আদেশে ট্রাম্পের ফ্লোরিডার অন্যায্য বাণিজ্যচর্চা আইনের অধীনে করা পৃথক দাবিটি খারিজ করা হয়েছে।
ট্রাম্প আদালতের সিদ্ধান্তকে ‘বড় বিজয়’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে বিবিসি জানিয়েছে, তারা আদালতের সিদ্ধান্তকে সম্মান করে এবং নিজেদের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী। প্রতিষ্ঠানটি যথাযথ আইনি প্রক্রিয়ায় মামলা মোকাবিলা করবে।
অর্থাৎ, ট্রাম্প মামলাটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি পেয়েছেন। কিন্তু ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি এখনও অনেক দূরের পথ।
মানহানির মামলা জিততে ট্রাম্পকে কী প্রমাণ করতে হবে?
এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন হলো- একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে ট্রাম্পকে মানহানির অভিযোগ প্রমাণ করতে কতটা শক্তিশালী প্রমাণ উপস্থাপন করতে হবে?
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের ১৯৬৪ সালের ঐতিহাসিক রায় ‘নিউইয়র্ক টাইমস বনাম সালিভান’ অনুযায়ী, জনপরিচিত ব্যক্তি বা সরকারি কর্মকর্তার মানহানির মামলায় শুধু ভুল তথ্য প্রকাশিত হয়েছে- এটি প্রমাণ করলেই চলে না। তাকে সাধারণত ‘অ্যাকচুয়াল ম্যালিস’ বা প্রকৃত বিদ্বেষপূর্ণ মনোভাবের মানদণ্ড পূরণ করতে হয়।
এর অর্থ, সংবাদমাধ্যম তথ্যটি মিথ্যা জেনেও প্রকাশ করেছে, অথবা সত্যতা নিয়ে গুরুতর সন্দেহ থাকা সত্ত্বেও বেপরোয়াভাবে সেটি প্রকাশ করেছে- এমন প্রমাণ প্রয়োজন হতে পারে।
এখানেই বিবিসির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে। কারণ প্রতিষ্ঠানটি ইতোমধ্যে স্বীকার করেছে যে সম্পাদনার কারণে ভুল ধারণা তৈরি হয়েছিল। কিন্তু ট্রাম্পকে আরও দেখাতে হবে, সেই ভুলটি কীভাবে আইনি অর্থে মানহানিতে পরিণত হয়েছে এবং তার কী ধরনের বাস্তব ক্ষতি হয়েছে।
অন্যদিকে বিবিসির সামনে সুযোগ রয়েছে- সম্পাদনাটি কী উদ্দেশ্যে করা হয়েছিল, কীভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সংশ্লিষ্ট সম্পাদক ও প্রযোজকদের কাছে কী তথ্য ছিল এবং ভুলটি ইচ্ছাকৃত ছিল নাকি সম্পাদকীয় বিচারের ব্যর্থতা বা ‘Error of Judgment’- এসব বিষয় আদালতে তুলে ধরার।
এ কারণে মামলাটির পরবর্তী ধাপ হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদালতে প্রমাণ, ইমেইল, অভ্যন্তরীণ যোগাযোগ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষ্য মামলার গতিপথ নির্ধারণ করতে পারে।
বিবিসির পক্ষে সবচেয়ে বড় যুক্তি কী হতে পারে?
বিবিসির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা হতে পারে- সম্পাদনায় ভুল হয়েছে, কিন্তু ট্রাম্পকে মানহানি করার উদ্দেশ্যে তা করা হয়নি এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ক্ষতির প্রমাণও নেই।
বিবিসি ইতোমধ্যে ক্ষমা চেয়ে সম্পাদনার ভুল স্বীকার করেছে। তবে প্রতিষ্ঠানটি দাবি করছে, ভুল স্বীকার করা মানেই মানহানির দায় স্বীকার করা নয়।
এছাড়া মামলাটি যুক্তরাষ্ট্রে হওয়ায় প্রচার, দর্শক, ক্ষতির পরিমাণ এবং আদালতের এখতিয়ার নিয়েও প্রশ্ন রয়েছে। এপির আগের প্রতিবেদনে আইন বিশেষজ্ঞরা বলেছিলেন, যুক্তরাষ্ট্রে তথ্যচিত্রটি সম্প্রচারিত না হওয়া এবং ট্রাম্পের নির্বাচনে জয়ী হওয়ার বিষয়টি ক্ষতির দাবি প্রমাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করতে পারে।
তবে গত মঙ্গলবারের নতুন আদালতের সিদ্ধান্ত দেখিয়েছে, এসব যুক্তি দেখিয়ে প্রাথমিক পর্যায়েই মামলাটি বন্ধ করা সম্ভব হয়নি। এখন বিবিসিকে পরবর্তী আইনি ধাপে নিজের অবস্থান আরও শক্তভাবে প্রতিষ্ঠা করতে হবে।
সংবাদমাধ্যমের স্বাধীনতা, নাকি রাজনৈতিক চাপের নতুন দৃষ্টান্ত?
এই ঘটনা শুধু বিবিসি ও ট্রাম্পের মধ্যে ক্ষতিপূরণের লড়াই নয়। এর সঙ্গে জড়িয়ে গেছে সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং রাজনৈতিক ক্ষমতার সম্পর্ক।
একদিকে সংবাদমাধ্যমের দায়িত্ব হলো ক্ষমতাসীন ব্যক্তিদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা, সমালোচনা করা এবং জনস্বার্থে তথ্য প্রকাশ করা। অন্যদিকে সেই দায়িত্ব পালন করতে গিয়ে তথ্য বিকৃত করা, বক্তব্যের অর্থ বদলে দেওয়া কিংবা দর্শককে বিভ্রান্ত করার অধিকার কোনো সংবাদমাধ্যমের নেই। বিবিসির ঘটনাটি এই দুই বাস্তবতার মধ্যকার সীমারেখা সামনে এনেছে।
ট্রাম্প দীর্ঘদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাত ও ভুল তথ্য প্রচারের অভিযোগ করে আসছেন। তার বিরুদ্ধে সংবাদমাধ্যমের সঙ্গে একাধিক আইনি বিরোধও রয়েছে। ফলে বিবিসির বিরুদ্ধে মামলাটি বৃহত্তর রাজনৈতিক প্রেক্ষাপটের বাইরে নয়।
তবে এটিও সত্য, সংবাদমাধ্যমের কোনো ভুল থাকলে সেটি রাজনৈতিক চাপের ভয়ে আড়াল করা উচিত নয়। আবার কোনো রাজনৈতিক নেতা সংবাদমাধ্যমের সমালোচনাকে দমন করার হাতিয়ার হিসেবে মামলা ব্যবহার করছেন কি না, সেটিও গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন।
বিবিসির জন্য কেন এত বড় সংকট?
বিবিসি শুধু যুক্তরাজ্যের একটি টেলিভিশন চ্যানেল নয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম হিসেবে এর পরিচিতি, বিশ্বাসযোগ্যতা ও সম্পাদকীয় মান দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় সম্পদ।
বিশ্বের নানা প্রান্তে দর্শক ও শ্রোতারা বিবিসির সংবাদকে গুরুত্ব দেন। ফলে একটি রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয়ে সম্পাদনার ভুল প্রতিষ্ঠানটির সামগ্রিক বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলতে পারে।
এই বিতর্কের পর বিবিসির অভ্যন্তরীণ সম্পাদকীয় তদারকি, অভিযোগ নিষ্পত্তি এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির অর্থায়নব্যবস্থা নিয়েও রাজনৈতিক বিতর্কের প্রেক্ষাপটে চাপ তৈরি হয়েছে।
বিবিসির অর্থায়নের বড় অংশ আসে যুক্তরাজ্যের অধিবাসীদের কাছ থেকে নেওয়া টিভি লাইসেন্স ফির মাধ্যমে। তাই প্রতিষ্ঠানটির নিরপেক্ষতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠলে তা শুধু সংবাদকক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকে না; বরং জনসাধারণের অর্থে পরিচালিত প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থার বিষয়েও প্রভাব ফেলে।
শেষ পর্যন্ত বিবিসির কী হতে পারে?
মামলাটি এখন পরবর্তী আইনি ধাপে এগোবে। সেখানে ট্রাম্পকে তার মানহানির অভিযোগের পক্ষে প্রমাণ দিতে হবে। অন্যদিকে বিবিসিকে দেখাতে হবে, সম্পাদনার ভুল থাকলেও তা আইনগতভাবে মানহানির পর্যায়ে পড়ে না।
আদালতের সাম্প্রতিক সিদ্ধান্ত ট্রাম্পের জন্য অবশ্যই একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। কিন্তু এটিকে চূড়ান্ত জয় বলা যাবে না। কারণ মামলার মূল প্রশ্ন- বিবিসি আইনগতভাবে মানহানির দায়ে দায়ী কি না- এখনও নিষ্পত্তি হয়নি।
এই মামলার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, সংবাদমাধ্যমের সম্পাদনার স্বাধীনতার সীমা কোথায়? একটি দীর্ঘ ভাষণ থেকে কয়েক সেকেন্ডের ভিডিও তৈরি করা সাংবাদিকতার স্বাভাবিক কাজ হতে পারে। কিন্তু সেই সম্পাদনা যদি বক্তার বক্তব্যের অর্থ বদলে দেয়, তাহলে সেটি কতটা গ্রহণযোগ্য?
বিবিসির মতো প্রতিষ্ঠানের জন্য এই প্রশ্নের উত্তর শুধু আদালতে নয়, দর্শকদের কাছেও দিতে হবে।
১২ সেকেন্ডের একটি ভিডিওর অংশ হয়তো একটি সংবাদমাধ্যমের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন এনেছে, প্রতিষ্ঠানটির বিশ্বাসযোগ্যতাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে এবং এখন ১০ বিলিয়ন ডলারের মামলার কারণ হয়েছে। তবে এই লড়াইয়ের ফল শুধু ট্রাম্প বা বিবিসির ভবিষ্যৎ নির্ধারণ করবে না, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো রাজনৈতিক বক্তব্য সম্পাদনা ও প্রচারের ক্ষেত্রে কতটা সতর্ক থাকবে, তারও একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

এনটিভি অনলাইন ডেস্ক