রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫৫৫
রাজধানী ঢাকায় অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচালিত নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
আজ শনিবার (৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার (৬ নভেম্বর) দিনগত রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার এবং আলামত উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএমপির বিভিন্ন বিভাগভিত্তিক অভিযানে গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৭ জন, লালবাগ বিভাগে ৬০ জন, ওয়ারী বিভাগে ৬২ জন, মতিঝিল বিভাগে ৭১ জন, তেজগাঁও বিভাগে ৮২ জন, মিরপুর বিভাগে ১৩৮ জন, গুলশান বিভাগে ৫২ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) কর্তৃক ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান পরিচালনাকালে গ্রেপ্তারদের হেফাজত থেকে ৬৮ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৭১১ পিস ইয়াবা, ২টি স্বর্ণের চেইন, ১টি প্রাইভেটকার, ১টি মিশুক গাড়ি, ৮টি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া অভিযানকালে ১ জন ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

নিজস্ব প্রতিবেদক