১ শতাংশের বেশি কমলো স্বর্ণের দাম
মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) নীতিনির্ধারকদের কঠোর মুদ্রানীতি সংক্রান্ত ইঙ্গিত ও সুদের হার বাড়ার সম্ভাবনায় বিশ্ববাজারে স্বর্ণের দাম এক শতাংশেরও বেশি কমেছে। অন্যদিকে মার্কিন ডলারের দাম দুই মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যার দরুন সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের বাজার বড় ধরনের পতন দেখা দিয়েছে। খবর রয়টার্সের।
স্থানীয় সময় বুধবার (২৩ সেপ্টেম্বর) স্পট গোল্ডের দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩০৪ দশমিক ৮৯ ডলারে নেমে এসেছে।
জ্যানার মেটালস-এর ভাইস প্রেসিডেন্ট ও সিনিয়র মেটালস স্ট্র্যাটেজিস্ট পিটার গ্রান্ট জানান, মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় স্বর্ণের দামের ওপর এই মন্দা প্রভাব তৈরি হয়েছে।
সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ব্যবসায়ীরা বর্তমানে অক্টোবরে সুদের হার বৃদ্ধির ৫৩ শতাংশ এবং ডিসেম্বরে বৃদ্ধির ৯১ শতাংশ সম্ভাবনা দেখছেন। স্বাভাবিকভাবে সুদের হার বাড়লে বিনিয়োগকারীরা লাভজনক বা সুদ প্রদানকারী খাতের দিকে ঝুঁকি ফেরান, যার ফলে স্বর্ণের দাম কমে যায়।
অন্যান্য ধাতুর মধ্যে স্পট সিলভার বা রূপার দাম ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫ দশমিক ০৫ ডলারে দাঁড়িয়েছে। প্ল্যাটিনামের দাম ৩ দশমিক ৭ শতাংশ কমে এক হাজার ৭৬৭ দশমিক ৭৩ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৩ শতাংশ কমে ১ হাজার ২৬৮ দশমিক ৮৪ ডলারে নেমে এসেছে।

এনটিভি অনলাইন ডেস্ক