প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল তুরস্ক ও কাতার
ইস্তাম্বুলে শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েপ এরদোয়ান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির মধ্যে বৈঠকের পর উভয় দেশের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয় জানায়, ‘প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের পুনরাবৃত্তি রোধ করতে, আলোচনার ভিত্তি তৈরি করতে এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাব।’
এরদোয়ানের কার্যালয় আরও জানিয়েছে, এই চুক্তিটি তুরস্ক ও কাতার সম্পর্কের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে। তবে প্রতিরক্ষা চুক্তিটির বিস্তারিত কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি।
নিরাপত্তা বিশ্লেষক ইউসুফ আলাবারদা বলেন, ইরানের সঙ্গে উত্তেজনা শুরুর পর থেকেই এই অঞ্চলের দেশগুলো যুদ্ধের প্রভাব অনুভব করছে এবং কোনো দেশই নিজেদের নিরাপদ মনে করছে না।
আলাবারদা আরও বলেন, উপসাগরীয় সব দেশ, বিশেষ করে কাতার বুঝতে পেরেছে—যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া নিরাপত্তা নিশ্চয়তাগুলো ঠিকমতো কাজ করছে না। কাতারে মোতায়েন হওয়া তুর্কি সেনারা অত্যন্ত
গুরুত্বপূর্ণ। আমার ধারণা, অদূর ভবিষ্যতে কাতারের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে তুরস্কের অস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হতে পারে, যা তুরস্কের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই চুক্তিটি এ ধরনের সামরিক সমঝোতাগুলোকে এগিয়ে নিতে সহায়তা করবে।

এনটিভি অনলাইন ডেস্ক