হাঙ্গেরির বনসহ বিভিন্ন স্থানে মিলল প্রায় ২ কোটি ডলার, সাবেক মন্ত্রী গ্রেপ্তার
হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সরকারের সাবেক উন্নয়নমন্ত্রী মিকলোস সেস্তাকের বিরুদ্ধে দুর্নীতি তদন্তের সময় তদন্তকারীরা গোপন স্থানে লুকানো ১ কোটি ৯৫ লাখ ডলার উদ্ধার করেছেন। এর মধ্যে কিছু অর্থ বনের ভেতরে মাটি খুঁড়ে বের করা হয়। ইতোমধ্যে মিকলোস সেস্তাককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। খবর আল জাজিরার।
সরকারি অর্থ অপব্যবহারের সন্দেহজনক ঘটনা তদন্তের জন্য গঠিত নতুন সংস্থা ‘ন্যাশনাল অ্যাসেট রিকভারি অ্যান্ড প্রোটেকশন অফিস’ শুক্রবার (১৩ নভেম্বর) গভীর রাতে এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ১২ ও ১৩ নভেম্বর বুদাপেস্ট এবং হাঙ্গেরির আরও তিনটি এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়।
তদন্তকারীরা খামারবাড়ি, গুদাম, একটি বাড়ি এবং নির্জন স্থানে রাখা একটি অত্যন্ত সুরক্ষিত সিন্দুকের পাশাপাশি বনের ভেতর মাটির নিচ থেকে হাঙ্গেরিয়ান ফোরিন্ট, ইউরো এবং মার্কিন ডলার উদ্ধার করেছেন। সংস্থাটি কিছু ফুটেজ প্রকাশ করেছে, যেখানে দেখা যায় কর্মকর্তারা অন্ধকার রাতে বাইরে মাটি খুঁড়ছেন এবং বিপুল নগদ অর্থ পরীক্ষা করছেন। পরে এই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।
অর্থমন্ত্রী আন্দ্রেস কারমান শুক্রবার ফেসবুকে জানান, কোষাগারের ১২ জন কর্মী আট ঘণ্টা সময় নিয়ে এই অর্থ গণনা করেছেন।
হাঙ্গেরির ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত উন্নয়নমন্ত্রী থাকা মিকলোস সেস্তাকের বিরুদ্ধে তদন্তের সময় এই অর্থ উদ্ধার করা হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি সরকারি পরিবহণ কোম্পানির জন্য অতিরিক্ত দামে পুরোনো বাস কেনা এবং সরকারি নির্মাণ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দুর্নীতি থেকে ৩ কোটি ৭২ লাখ ডলারেরও বেশি ঘুষ ও অবৈধ কমিশন গ্রহণ করেছেন।
গত সেপ্টেম্বর মাসে মিকলোস সেস্তাককে আটক করা হয়। তবে তিনি কোনো ধরনের অনিয়মে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
হাঙ্গেরির বর্তমান প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার মধ্য-ডানপন্থি ও ইউরোপপন্থি ‘তিজা’ পার্টি গত এপ্রিলে ভিক্টর অরবান সরকারের ১৬ বছরের শাসনের অবসান ঘটায়। শুক্রবার প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার ফেসবুকে পোস্টে লেখেন, এই অর্থ উদ্ধারের ঘটনাটি তথাকথিত ‘ফিদেস-কেডিএনপি মাফিয়া’ চক্রের পতনের ইঙ্গিত দেয়।
‘ফিদেস’ হলো অরবান পরিচালিত ডানপন্থি দল এবং ‘কেডিএনপি’ (ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পিপলস পার্টি) হলো তাদের ছোট জোটসঙ্গী দল।
এর আগে অরবান নতুন সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে এসব তদন্ত চালানো হচ্ছে।
এর আগে আরও কয়েকজন সাবেক মন্ত্রীকে পৃথক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া হাঙ্গেরির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর গিওর্গি মাতোলচিকেও গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংকের একটি ফাউন্ডেশনের অধীনে থাকা সরকারি সম্পদের অপব্যবহারে জড়িত তিনি।
গভর্নর মাতোলচি অবশ্য যেকোনো ধরনের অনিয়মের কথা অস্বীকার করেছেন। হাঙ্গেরির সংবাদভিত্তিক ওয়েবসাইট এইচভিজিতে এই সপ্তাহে প্রকাশিত এবং জনমত জরিপ সংস্থা ‘মিডিয়ান’-এর পরিচালিত একটি জরিপ থেকে জানা যায়, উত্তরদাতাদের ৭০ শতাংশ মনে করেন, অরবান সরকারের আমলে সন্দেহভাজন দুর্নীতি তদন্ত করা এবং এর জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এনটিভি অনলাইন ডেস্ক