ইরানি ব্যাংকের লাইসেন্স বাতিল করল তুরস্ক
তুরস্কের বাণিজ্যিক রাজধানী ইস্তাম্বুলে অবস্থিত ইরানের রাষ্ট্রায়ত্ত ব্যাংক ‘মেল্লাতের’ কেন্দ্রীয় শাখার পরিচালন লাইসেন্স বাতিল করেছে দেশটির ব্যাংকিং নিয়ন্ত্রণ ও তদারকি সংস্থা ‘বিডিডিকে’। তেহরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের বাড়তি অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের মুখেই এই পদক্ষেপ নেওয়া হয়।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দেশটির সরকারি গেজেটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করা হয়েছে। খবর রয়টার্সের।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তেহরানে প্রধান কার্যালয় সংবলিত ‘ব্যাংক মেল্লাত, ইস্তাম্বুল তুরস্ক সেন্ট্রাল ব্রাঞ্চের’ পরিচালন লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকারি ওই নথিতে মার্কিন যুক্তরাষ্ট্র বা কোনো নির্দিষ্ট কার্য পরিচালনগত ত্রুটির কথা সরাসরি উল্লেখ করা হয়নি।
বিডিডিকে জানিয়েছে, তুরস্কের ব্যাংকিং আইনের নির্দিষ্ট ধারার আওতায় এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। যদি কোনো ব্যাংকের ধারাবাহিক কার্যক্রম আমানতকারীদের অধিকার রক্ষায় ঝুঁকি তৈরি করে অথবা দেশের আর্থিক ব্যবস্থার নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তবে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ওই ব্যাংকের অনুমতিপত্র বাতিল করার আইনি এখতিয়ার তাদের রয়েছে।
এর আগে চলতি মাসের শুরুতেই মার্কিন ট্রেজারি বিভাগ ইরানের সঙ্গে যোগসাজশের অভিযোগে তুরস্কের একটি ক্ষুদ্র বিনিয়োগকারী ব্যাংক এবং দুটি সহযোগী প্রতিষ্ঠানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। একই সঙ্গে ওয়াশিংটন ও তুরস্কের দ্বিপাক্ষিক আলোচনার পর যুক্তরাষ্ট্রের ইরানসংক্রান্ত বিধিমালা মেনে চলতে ইরানের ‘মহান এয়ারের’ ফ্লাইট চালনা বন্ধে সম্মত হয় তুরস্ক ও ওমান। চার দশকেরও বেশি সময় ধরে তুরস্কে পরিচালিত ব্যাংক মেল্লাতের শাখা বন্ধ করে দেওয়াকে আঞ্চলিক অর্থনীতিতে ইরানের ওপর মার্কিন অবরোধের বড় প্রভাব হিসেবে দেখা হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক