বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী, চলচ্চিত্র প্রযোজক ও চিত্রনাট্যকার জেমিমা গোল্ডস্মিথ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এবার তিনি ঘর বেঁধেছেন ৬২ বছর বয়সী আইরিশ-অস্ট্রেলীয় অর্থলগ্নিকারী, ধনকুবের ব্যবসায়ী ও চলচ্চিত্র নির্মাতা ক্যামেরন ও’রেইলিকে। দুই পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতে গোপন ও ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাদের এই বিয়ে সম্পন্ন হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক ফ্যাশন ও লাইফস্টাইল সাময়িকী ‘ট্যাটলারের’ বরাতে সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, নববধূর ভাবি জেমিমা জোন্স ইনস্টাগ্রামে বিয়ের ভেন্যুর বাইরে তার স্বামী ও কনের ভাই বেন গোল্ডস্মিথের সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আজকের দিনটি অত্যন্ত আনন্দের।’
ট্যাটলারের তথ্যমতে, চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র তৈরির যৌথ কাজের সূত্রে জেমিমা ও ক্যামেরন ওরেইলির পরিচয় হয়। এক বছরেরও বেশি সময় ডেটিং করার পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। চলতি বছরের শুরুতে উইম্বলডনের রয়্যাল বক্সে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। বর্তমানে এই দম্পতি পশ্চিম লন্ডনে জেমিমার বাসভবন এবং সুইজারল্যান্ডে ওরেইলির বাড়িতে সময় কাটান।
স্যার জেমস গোল্ডস্মিথ ও লেডি অ্যানাবেল গোল্ডস্মিথের কন্যা জেমিমা একজন খ্যাতনামা প্রযোজক। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে এমিনোমিত ‘দ্য ক্লিনটন অ্যাফেয়ার’ এবং ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট?’। পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার প্রথম বিয়ে হয়েছিল, যেখানে তাদের দুটি সন্তান রয়েছে।
অন্যদিকে, জেমিমার নতুন স্বামী ক্যামেরন ওরেইলি হলেন সাবেক আন্তর্জাতিক রাগবি তারকা ও মিডিয়া মোঘল স্যার অ্যান্থনি ওরেইলির ছেলে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা ওরেইলি ২০০৩ সালে নিজের প্রাইভেট ইকুইটি ফান্ড প্রতিষ্ঠা করেন।

এনটিভি অনলাইন ডেস্ক