স্পিকারের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
আজ রোববার (১ নভেম্বর) জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তারা উভয়েই দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় প্রতিনিধির সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। তাছাড়াও পাকিস্তানের আইনসভা মজলিস-ই-শূরায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের বিষয়ে উভয়েই মতবিনিময় করেন।
স্পিকার এ সময় আসন্ন সংসদ অধিবেশনে পাকিস্তানের হাইকমিশনারকে অধিবেশন পর্যবেক্ষণ করার জন্য আমন্ত্রণ জানান।
পাকিস্তানের স্পিকারের আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম দেশটি সফর করবেন।
বৈঠকে পাকিস্তান হাইকমিশনের সংশ্লিষ্ট প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক