ইতালিতে পুলিশি হেফাজতে অভিবাসীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ
পুলিশি হেফাজতে এক অভিবাসীর মৃত্যুর ঘটনায় ইতালির উত্তরাঞ্চলের শহর বোলোনিয়া উত্তপ্ত উঠেছে৷ মঙ্গলবার (২১ জুলাই) পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয়দের শান্ত থাকার আহ্বান জানিয়ে কর্তৃপক্ষ বলেছে, মরক্কো থেকে আসা আবদুর রহিম ফকিরের মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে৷
রোববার বোলোনিয়া শহরের পিলাস্ত্রো এলাকায় পুলিশের হেফাজতেই মারা যান ৪২ বছর বয়সি আবদুর রহিম ফকির৷ তার বোন খাদিজা সাংবাদিকদের বলেন, ‘‘(পুলিশ) আমার ভাইকে তারা ঠান্ডা মাথায় হত্যা করেছে৷ আমি বিচার চাই৷”
ইতালির সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৭ বছর বয়সে মরক্কো থেকে পরিবারের সঙ্গে ইতালিতে এসেছিলেন আবদুর রহিম৷ এক পর্যায়ের পরিচ্ছন্নতা-সেবা ব্যবসা শুরু করেন৷ ইতালিতেই বৈধভাবে স্থায়ী হওয়া আবদুর রহিমের পরিবারের সদস্যরা জানান, বন্ধুদের সঙ্গে দেখা করতে পিলাস্ত্রো এলাকায় গিয়েছিলেন তিনি৷
পুলিশের দাবি, রোববার সকালে একটি গাড়ির ক্ষতি করা হচ্ছে- এমন খবর পেয়ে তারা ওই এলাকায় যান৷
পুলিশ কর্মকর্তারা জানান, তখন ওই এলাকার তাপমাত্রা ছিল প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস (৯৫ ডিগ্রি ফারেনহাইট)৷ পুলিশ যাওয়ার পরও আবদুর রহিম ফকির আক্রমণাত্মক আচরণ করতে থাকায় তাকে নিয়ন্ত্রণে আনতে প্রথমে পেপার স্প্রে ব্যবহার করা হয় এবং পরে চেপে ধরে তাকে হাতকড়া পরানো হয়৷
অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, আবদুর রহিম ফকির সাহায্য চেয়ে বারবার চিৎকার করছেন৷ শ্বাসকষ্ট হচ্ছিল তার৷ একপর্যায়ে তিনি নীরব, নিথর হয়ে যান৷ পরে পরিবারের সদস্যরা ইতালির গণমাধ্যমকে জানিয়েছেন, আবদুর রহিমের হাঁপানি ও হৃদরোগ ছিল৷
গতকাল সোমবার বোলোনিয়ার পিয়াজ্জা দেল নেত্তুনো এলাকায় আবদুর রহিমের মৃত্যুর ঘটনার তদন্ত ও পুলিশের জবাবদিহিতার দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়৷
ইতালির বার্তা সংস্থা আনসা-র খবরে বলা হয়, সমাবেশে বিক্ষোভকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে স্লোগান দেন৷ এক বিক্ষোভকারী আতশবাজি ছুঁড়ে মারেন৷ তবে এর বাইরে সামগ্রিকভাবে সমাবেশে অংশ নেওয়া বিক্ষোভকারীরা শান্তিপূর্ণই ছিলেন৷ আতশবাজি ছোঁড়ার পর পুলিশ বিক্ষুব্ধদের বিরুদ্ধে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে৷
তবে ইতালির প্রধান দুই পুলিশ ইউনিয়নের অভিযোগ, আন্দোলনকারীরা ঘটনার অসম্পূর্ণ ফুটেজ ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় পুলিশের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছেন৷ বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে বহু পুলিশ সদস্য আহত হয়েছেন৷

এনটিভি অনলাইন ডেস্ক