বিমার অর্থ পেতে সাপের কামড় খাইয়ে স্বামীকে হত্যা স্ত্রীর!
ভারতের মিরাটের হস্তিনাপুরে বিষাক্ত সাপের কামড় খাইয়ে স্বামীকে হত্যা করার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। স্বামীর মৃত্যুকে দুর্ঘটনাজনিত দাবি করে জীবন বিমা কোম্পানির কাছ থেকে ২০ লাখ রুপি হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে ৩০ বছর বয়সী এ নারীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারী ও তার কথিত প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) ভারতের পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
পুলিশ জানায়, দামিনী পাওয়ার নামের ওই নারী তার স্বামী অতুল পাওয়ারকে (৩২) হত্যা করার জন্য প্রেমিক তুষার কুমারের (৩৪) সঙ্গে ষড়যন্ত্র করেন। তদন্তকারীরা বলেছেন, দামিনী স্বামী অতুলকে অজ্ঞান করে তার কম্বলের ভেতরে একটি বিষধর সাপ ছেড়ে দেন। সাপটি কামড়ালে তার মৃত্যু হয়। এ সময় দামিনী তাদের ছয় বছর বয়সী সন্তানকে নিয়ে অন্য একটি কক্ষে চলে যান।
কর্মকর্তারা বলেছেন, দামিনী প্রাথমিকভাবে তদন্তকারীদের বলেছেন, শুক্রবার ভোর ৬টার দিকে ঘরে ফিরে তিনি অতুলকে অচেতন অবস্থায় দেখতে পান। দামিনী দাবি করেন, তিনি বিছানায় একটি সাপ দেখে চিৎকার করে সবাইকে ডাকেন। অতুলকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা বাড়ির ভেতরে পাওয়া সাপটিকে মেরে ফেলেছেন।
মিরাটের এসএসপি অবিনাশ পান্ডে বলেছেন, দামিনী ও অতুল সাত বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন। তিন মাস আগে তাদের সন্তান স্কুলে যাওয়া শুরু করে। এর কিছুদিন পরেই স্কুলভ্যানের চালক তুষার তাকে স্কুলে নিয়ে যাওয়া শুরু করে। তদন্তে দামিনী ও তুষারের মধ্যে ঘন ঘন ফোনকলের আদান-প্রদান পাওয়া গেছে। তুষারের ফোন তল্লাশি করে বাক্সের ভেতরে রাখা একটি সাপের ছবি পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তারা দুজনেই হত্যাকাণ্ডের পরিকল্পনা করার কথা স্বীকার করেছে।
অবিনাশ পান্ডে বলেন, দামিনীর প্ররোচনায় তুষার সাপুড়ের কাছ থেকে সাপটি কিনেছিল। তারা বিমার টাকা দাবি করার পরিকল্পনা করেছিল। এরপর তুষারের তার স্ত্রীকে তালাক দিয়ে দামিনীকে বিয়ে করার কথা ছিল।
পুলিশ সাপ সরবরাহকারী হিসেবে সোনু কুমার ও উদয় কুমার নামে দুজনকে গ্রেপ্তার করেছে। বিএনএস-এর ধারা ১০৩(১) (খুন) এবং ১২৩ (বিষ, নেশাজাতীয় বা অচেতনকারী পদার্থ বা অনুরূপ উপায়ে আঘাত করা) এর অধীনে চারজনের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক